অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? বকেয়া মেটাতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার

অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)-র সুবিধা পেতে গিয়ে চরম অনিশ্চয়তা ও হেনস্থার মুখে পড়ছেন বহু যোগ্য উপভোক্তা। গত দু’মাসে মাসের প্রথম দিকেই অনেকেই টাকা পেয়ে গেলেও, এবার দীর্ঘ বিলম্ব হওয়ায় আবেদনকারীদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছিল। যদিও গত ১৭ তারিখ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে, তবুও যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, তাঁদের ক্ষোভ এবং বিক্ষোভ ক্রমেই চড়ছে। মূলত অগাস্ট মাসেও বহু যোগ্য আবেদনকারী এই প্রকল্পের ৩০০০ টাকার অনুদান থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর করতে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, যাচাই প্রক্রিয়ায় যাঁরা যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁরা এবার থেকে প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যেই নিয়মিতভাবে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। পাশাপাশি, যাঁরা সমস্ত শর্ত পূরণ করেও এখনও পর্যন্ত কোনো অনুদান পাননি, তাঁদের সুবিধার জন্য সরকারের তরফে একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে। সেখানে সরাসরি নিজেদের অভিযোগ দায়ের করতে পারবেন বঞ্চিত উপভোক্তারা।
এরই পাশাপাশি উত্তর কলকাতায় একটি বিশেষ ‘অন্নপূর্ণা যোজনা বাহিনী’ গঠনেরও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মা-বোনেদের পাশে দাঁড়িয়ে তাঁদের অধিকার রক্ষা এবং জাতীয়তাবাদের পক্ষে সোচ্চার হওয়ার বার্তা দিয়ে তিনি জানান, মহিলারা যাতে আগামী দিনে বীরাঙ্গনার ভূমিকা পালন করতে পারেন, তার জন্য নিজেদের মধ্যে একটি সুসংগঠিত দল তৈরি করতে হবে। প্রথম কিস্তির বিতরণের পর থেকেই প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মমাফিক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা আগেই ঘোষণা করেছিল প্রশাসন। ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করেই প্রকৃত যোগ্যদের এই সহায়তার আওতায় আনা হচ্ছে।