বাঙালির নস্টালজিয়ায় বিরাট চমক! নন্দনে ফিরলেন মহানায়ক, কোথায় দেখতে পাবেন দুর্লভ সংগ্রহ?

বাঙালির চিরকালীন নস্টালজিয়া আর মহানায়ক উত্তম কুমার যেন এক সুতোয় গাঁথা। সেই আবেগকেই ফের একবার জীবন্ত করে তুলতে কলকাতায় শুরু হলো এক অনন্য প্রদর্শনী। পশ্চিমবঙ্গ সরকারের ‘শতবর্ষে মহানায়ক’ উদযাপনের অংশ হিসেবে কলকাতার নন্দনে উন্মোচিত হলো “এ ট্রিব্যুট – উত্তম কুমার বার্থ সেন্টেনারি” শীর্ষক বিশেষ প্রদর্শনী। হায়দরাবাদের সংগ্রাহক তথা মহানায়কের অন্ধ ভক্ত ইন্দ্রনীল চৌধুরীর ব্যক্তিগত সংগ্রহের অমূল্য নিদর্শন দিয়ে সাজানো হয়েছে এই আয়োজন।

প্রদর্শনীটিতে স্থান পেয়েছে মহানায়কের জীবন ও বর্ণময় কর্মজীবনের দুর্লভ সব স্মৃতিচিহ্ন। এর মধ্যে রয়েছে ২১৫টি বিরল বুকলেট, মহানায়কের ছবিসংবলিত ৭৫টিরও বেশি ম্যাগাজিনের প্রচ্ছদ, মূল ছবি, অডিও, সিডি-ডিভিডি এবং তাঁর উপর প্রকাশিত সমস্ত বইয়ের এক অনন্য সংগ্রহ। হায়দরাবাদের পর এই প্রথম কলকাতার দর্শকরা এক ছাদের নিচে মহানায়কের জীবনের এই সুবিশাল ডিজিটাল ও বাস্তব আর্কাইভ চাক্ষুষ করার সুযোগ পাচ্ছেন।

কোথায় ও কখন দেখবেন? আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। মহানায়কের দুর্লভ সংগ্রহ দেখতে নন্দনে ভিড় জমাচ্ছেন সব বয়সের সিনেমাপ্রেমীরা।

২০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে বাঙালি সংস্কৃতির কেন্দ্রে স্থায়ী আসন তৈরি করে নিয়েছিলেন উত্তম কুমার। সুচিত্রা সেনের সঙ্গে তাঁর অনবদ্য রোমান্টিক জুটি আজও বাংলা সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা।

সংগ্রাহক ইন্দ্রনীল চৌধুরী কেবল একজন সিনেমাপ্রেমীই নন, বিশ্বের ১২৫টিরও বেশি দেশ ঘুরে দেখা এক নামজাদা পর্যটকও বটে। তবে উত্তম কুমারের প্রতি আজীবন টানেই তিনি তিল তিল করে জমিয়েছেন এই দুর্লভ সামগ্রী। ২০২০ সালের করোনা সংকট কাটার পরই এই সংগ্রহের কাজ শুরু করেছিলেন তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইন্দ্রনীলবাবু বলেন, “ছোটবেলা থেকেই মহানায়ক আমার স্মৃতির বড় অংশ। সেই আবেগ থেকেই এই সংগ্রহ গড়ে তুলেছি। রাজ্য সরকারের শতবর্ষ উদযাপনের হাত ধরে শহরের অন্য সব উত্তম-প্রেমীদের সঙ্গে এই স্মৃতি ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।” পুরনো প্রজন্মের নস্টালজিয়া উসকে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মহানায়কের বহুমুখী প্রতিভাকে তুলে ধরাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *