ফের বলিউডে প্রভাস, আসছে নতুন সিনেমা!

ভারতীয় ছবির বাজারে পরিচালকদের পছন্দের তালিকায় শীর্ষে আছেন প্রভাস। অন্যদিকে হিন্দি অ্যাকশন ছবির জন্য আলোচিত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সব ঠিক থাকলে এই দুজনকে এবার একই সিনেমায় দেখা যাবে। সম্প্রতি দক্ষিণের একটি জনপ্রিয় চ্যাট শোয়ে ছবির প্রযোজক এ তথ্য সামনে এনেছেন।

তেলুগু ছবির বর্ষীয়ান অভিনেতা নন্দামুরী বালকৃষ্ণর সঞ্চালনায় একটি চ্যাট শো দক্ষিণী বৃত্তে বেশ জনপ্রিয়। এই শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন কন্নড় ছবি ‘মিথরি’র প্রযোজক নবীন ইয়েরনেনি। তার সংস্থাই আবার অল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটির অন্যতম প্রযোজক। সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি জানান, সালমান খানের সঙ্গে তাদের সংস্থা একটি ছবি নিয়ে একরকম কথাবার্তা সেরেছে। কিন্তু এখনো সেই ছবি চূড়ান্ত হয়নি। কিন্তু প্রভাসের সঙ্গে তারা যে ছবিটি ভেবেছেন সেই ছবির চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে। দেশের বিভিন্ন লোকেশন ছাড়াও বিদেশে হবে ছবির শুটিং।

নবীনের কথায়, এই সিনেমাটি পরিচালনার জন্য আমরা বলিউড থেকে সিদ্ধার্থ আনন্দকে বেছে নিয়েছি।

এই মুহূর্তে প্রভাস দুটি ছবির শুটিংয়ে ব্যস্ত। পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে চলছে ‘সালার’ ছবি। এছাড়াও নাগ অশ্বিনের পরিচালনায় চলছে ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিং। অন্যদিকে সিদ্ধার্থ আপাতত ‘পাঠান’ ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন। তারপর তিনি হৃতিক রোশনকে নিয়ে শুরু করবেন ‘ফাইটার’ ছবির শুটিং।

‘আদিপুরুষ’ ছবিতে দর্শক প্রভাসকে দেখতে পাবেন। ছবির পরিচালক ওম রাউত মূলত বলিউডেই কাজ করেন। আগে অজয় দেবগন ও সাইফ আলি খানকে নিয়ে ওম তৈরি করেছিলেন ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *