পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে মুছল বিজেপি সাংসদের নাম! বিপাকে কি আপ ছেড়ে আসা রাঘব?

পঞ্জাবে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে সদ্য বিজেপি-তে যোগ দেওয়া রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডার। দলবদলের আবহেই এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। খসড়া তালিকায় তাঁর নাম ‘অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত এবং নকল’ (ASDD) বা স্থানান্তরিত ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে তোপ দেগেছেন রাঘব, আর আপ শিবিরের পালটা দাবি, নিজের অসততার কারণেই খসড়া তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে। তবে এই সমস্ত বিতর্কের মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার জেরে কি রাঘবের রাজ্যসভার সদস্যপদ বিপদের মুখে পড়তে পারে?
তদন্ত ও আইনি তথ্য অনুযায়ী, পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ২০.৬৬ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় ৯.৭ শতাংশ। তবে এটি যেহেতু একটি খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা আগামী অক্টোবর মাসে প্রকাশিত হবে, তাই রাঘবের কাছে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য দাবি ও আপত্তি দাখিল করার পুরো সুযোগ রয়েছে।
আইনি বিশেষজ্ঞদের মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কোনো সাংসদের সদস্যপদ রাতারাতি বাতিল হয়ে যায় না। বিশেষ করে রাজ্যসভার ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩ ধারা অনুযায়ী, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীকে ভারতের যেকোনো একটি সংসদীয় নির্বাচনী এলাকার ভোটার হলেই চলে। ২০০৩ সালের আইন সংশোধনীর পর থেকে এটি বাধ্যতামূলক নয় যে, যে রাজ্য থেকে সদস্য নির্বাচিত হয়েছেন, তাঁর নাম সেই রাজ্যেরই ভোটার তালিকায় থাকতে হবে।
এর সহজ অর্থ হলো, পঞ্জাবের ভোটার তালিকা থেকে রাঘবের নাম সাময়িকভাবে বাদ গেলেও, যদি দিল্লি বা দেশের অন্য কোনো সংসদীয় এলাকার ভোটার তালিকায় তাঁর নাম বৈধভাবে নিবন্ধিত থাকে, তবে শুধুমাত্র পঞ্জাবের তালিকা থেকে নাম কাটার কারণে তাঁর রাজ্যসভার সদস্যপদ খারিজ হবে না। এমনকি ভারতীয় সংবিধানের ১০২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অযোগ্যতার যে সমস্ত মাপকাঠি রয়েছে, তাতে ভোটার তালিকায় নাম না থাকাকে সরাসরি অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে আইনি দিক থেকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং রাজ্যসভার সদস্যপদ হারানোর বিষয় দুটি সম্পূর্ণ আলাদা।