আগামী ৫ বছরে দ্বিগুণ হবে বাণিজ্য! প্রধানমন্ত্রী মোদী ও বেলজিয়ামের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বৈঠকে কোন কোন বড় চুক্তি সই হলো?

প্রতিরক্ষা থেকে শুরু করে অত্যাধুনিক সেমিকন্ডাক্টর—একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছাল ভারত ও বেলজিয়াম। বৃহস্পতিবার দিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতার এই উচ্চপর্যায়ের বৈঠক দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা করেছে।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী জানান, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই হল দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি। সামরিক বিনিময়, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং যৌথ প্রশিক্ষণ কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামের মাটিতে হাজার হাজার ভারতীয় সেনার বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে পারস্পরিক ঐতিহাসিক বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তার দেন তিনি।

আগামী পাঁচ বছরের মধ্যে ভারত ও বেলজিয়ামের দ্ব দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই উদ্দেশ্যে ভারতে বেলজিয়ান সংস্থাগুলির জন্য একটি বিশেষ ‘বিনিয়োগ দ্রুতকরণ ব্যবস্থা’ স্থাপন করা হয়েছে এবং ‘ভারত-বেলজিয়াম বিজনেস ফোরাম’-কে একটি নিয়মিত ব্যবস্থায় পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ফিনটেক ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়াতেও চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সবচেয়ে বড় চমক মিলেছে সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি ক্ষেত্রে। বেলজিয়ামের বিখ্যাত ‘আইএমইসি’ ইনস্টিটিউটকে ভারতের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করার বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দুই দেশের স্টার্ট-আপগুলির মধ্যে সংযোগ বৃদ্ধি এবং সামুদ্রিক খাতের সক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে।

বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা ও সংঘাতের আবহের মাঝেও ভারতের অর্থনীতির অগ্রগতির চিত্র তুলে ধরে মোদী জানান, নানা প্রতিকূলতার মধ্যেও গত ত্রৈমাসিকে ভারত ৭.৮ শতাংশ শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভারতের এই ধারাবাহিক অর্থনৈতিক অগ্রগতি গোটা বিশ্বের জন্যই এক বিরাট আস্থার প্রতীক হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *