শতবর্ষে ‘উত্তম’ সাজে সেজে উঠল কলকাতা! মহানায়কের জন্মদিনে আজ থেকে চারদিনের মহা উৎসব, নন্দন চত্বরে কী কী চমক?

সোনালি যুগের সোনালী স্মৃতি আর নস্ট্যালজিয়ায় ভাসছে তিলোত্তমা। আজ, ৩ সেপ্টেম্বর থেকে শুরু হলো মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন। চার দিনব্যাপী এই মহা উৎসবের আয়োজন করেছে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর। মহানায়কের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে আলোর রোশনাই ও কালজয়ী পোস্টারে সেজে উঠেছে গোটা শহর।
উত্তম শোভাযাত্রা ও বর্ণাঢ্য সূচনা:
আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হলো বর্ণাঢ্য ‘উত্তম শোভাযাত্রা’। এদিন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই শোভাযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। নন্দন চত্বর থেকে শুরু হয়ে এই র্যালি বিড়লা তারামণ্ডল, নেহরু চিলড্রেন্স মিউজিয়াম হয়ে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালা পর্যন্ত পরিক্রমা করবে। গোটা রুটটিকেই সাজিয়ে তোলা হয়েছে মহানায়কের বিভিন্ন ছবির পোস্টার ও ব্যানারে। পাশাপাশি, আহিরীটোলা এবং টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সন্ধ্যায় গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় মহানায়কের জীবন ও কর্মের ওপর বিশেষ প্রদর্শনীরও উদ্বোধন করা হবে। রাত সাড়ে ৭টায় একতারা মুক্তমঞ্চে জমজমাট জন্মদিনের অনুষ্ঠান রয়েছে।
আগামীকালের বড় চমক:
উত্তম বন্দনার এই চারদিনের উৎসবে আগামীকাল, শুক্রবার থাকছে আরও বড় আকর্ষণ। সকাল ১১টায় নিউটাউনে অত্যাধুনিক ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’-এর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এরপর বিকেল ৪টায় নন্দন-১ প্রেক্ষাগৃহে সত্যজিৎ রায় পরিচালিত কালজয়ী ‘নায়ক’ ছবির প্রদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ‘উত্তমকুমার ফিল্ম ফেস্টিভ্যাল’।
বাঙালি সংস্কৃতির এই মহোৎসবকে কেন্দ্র করে চত্বরজুড়ে এখন থেকেই উপচে পড়া ভিড় ও চরম উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।