রাজধানীতে চরম আতঙ্ক! সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে প্রকাশ্যে জমি ব্যবসায়ীকে গুলি করে খুন

দিনের আলোয় রাজধানী দিল্লিতে ঘটল এক চাঞ্চল্যকর খুনের ঘটনা। বৃহস্পতিবার সকালে উত্তর দিল্লির নারেলা এলাকায় প্রকাশ্যে এক জমি ব্যবসায়ীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুন করার অভিযোগ উঠল আততায়ীদের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহত ব্যক্তির নাম প্রমোদ কুমার (৪০)। তিনি নাহরি গ্রামের বাসিন্দা ছিলেন এবং পেশায় জমি কেনাবেচার ব্যবসা করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নারেলা এলাকায় আচমকাই তিনজন দুর্বৃত্ত প্রমোদ কুমারকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় হামলাকারীরা। রক্তে ভেসে রাস্তায় লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। ঘটনার পরই বন্দুকবাজরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়দের তৎপরতায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি; চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তদন্তে পুলিশ আউটার নর্থ ডিস্ট্রিক্টের অতিরিক্ত ডিসিপি লোকেশ্বরন জানান, “আজ সকাল ৭টা ১০ মিনিটের দিকে আমাদের কাছে একটি ফোন আসে। প্রমোদ নামের প্রায় ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে তিনজন আক্রমণ করে পালিয়ে যায়। গুলিতে জখম হয়ে তাঁর মৃত্যু হয়। অভিযুক্তদের শনাক্ত করতে আমরা ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখছি।”
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই হত্যাকাণ্ডের নেপথ্যে পুরনো কোনও শত্রুতা, সম্পত্তির বিরোধ কিংবা ব্যবসায়িক রেষারেষি থাকতে পারে। তবে ঠিক কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। পলাতক হামলাকারীদের ধরতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ।