কাজের শেষে বাড়ি ফেরা হল না! দিল্লির ব্যস্ত রাস্তায় চারচাকার ধাক্কায় প্রাণ হারালেন বাইক আরোহী দম্পতি

রাজধানীর বুকে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। চারচাকার সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক দম্পতি। দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার আইওসি রেড লাইটের কাছে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দক্ষিণ-পশ্চিমের ডিসিপি অমিত গোয়েল জানান, গত ২ সেপ্টেম্বর বিকেল ৫টা নাগাদ দিল্লি ক্যান্টনমেন্টে পথ দুর্ঘটনার খবর আসে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। নিহত দু’জনের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। তাঁরা দু’জনেই লোধি রোডের এনডিএমসি দপ্তরে কর্মরত ছিলেন এবং কাজ শেষে দ্বারকার সেক্টর ১-এ নিজেদের বাড়িতে ফিরছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাইকটি হঠাৎ পিছলে যাওয়ার কারণেই পিছন থেকে আসা একটি চারচাকা গাড়ি সেটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনার পরই গাড়িচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয় সাহসী বাসিন্দারা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন এবং গাড়িসহ পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি ক্যান্টনমেন্ট থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। হরিয়ানার ঝাজ্জরের বাসিন্দা ২৬ বছর বয়সি অভিযুক্ত গাড়িচালক ভূপেন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ। রোহিনীতে একটি দুধের দোকান চালান ওই অভিযুক্ত।

নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা নিবিড়ভাবে খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটল, গাড়িটির গতি কত ছিল এবং সংঘর্ষের সময় বাইকটির অবস্থান কী ছিল, তা জানার চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজধানীতে একের পর এক পথ দুর্ঘটনার জেরে অতিরিক্ত গতি ও বেপরোয়া ড্রাইভিং নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সমস্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করবে দিল্লি ক্যান্টনমেন্ট থানা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *