‘থেরাপি বাদ দিয়ে এই সিনেমা দেখুন!’ নিম করোলি বাবাকে উৎসর্গ করা কোন ছবি দেখে মুগ্ধ হলেন কঙ্গনা রানাওয়াত?

মুক্তির দিন মাত্র ১০ লক্ষ টাকা আয় দিয়ে বক্স অফিস যাত্রা শুরু করেছিল ‘হনুমান অংশ’। তবে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং মুখে মুখে প্রচারের জেরে ধীরে ধীরে ছবির আয় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। আর এবার এই ছবির প্রশংসায় প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটিকে সরাসরি ‘সৎসঙ্গ’-এর সঙ্গে তুলনা করে দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জোরালো পরামর্শ দিয়েছেন তিনি।
‘নিজের থেরাপি ছেড়ে এই সিনেমা দেখুন’
‘হনুমান অংশ’-এর ভূয়সী প্রশংসা করে কঙ্গনা রানাওয়াত লিখেছেন, এটি আদতে কোনো গতানুগতিক সিনেমা নয়, বরং একটি ‘সৎসঙ্গ’। তাঁর মতে, নিম করোলি বাবাকে নিয়ে যাঁদের ব্যক্তিগত ও প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, সেই অনুভূতিগুলিকেই অত্যন্ত সুন্দরভাবে একসূত্রে গেঁথে বড় পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে।
পোস্টের সঙ্গে নিম করোলি বাবার একটি ছবিও শেয়ার করেছেন কঙ্গনা। দর্শকদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, মানসিক থেরাপি বাদ দিয়ে প্রত্যেকে যেন একবার এই সিনেমাটি দেখে আসেন। কঙ্গনার মতো প্রথমসারির তারকার এই অকুণ্ঠ প্রশংসা ছবিটির প্রচারের পালে নতুন হাওয়া জুগিয়েছে, যদিও এর অনেক আগেই দর্শকদের মাউথ পালিটিসি বা মুখে মুখে প্রচারের জেরে ছবিটির বক্স অফিস কালেকশন তরতরিয়ে বাড়তে শুরু করেছিল।
মুখে মুখে প্রচারেই বক্স অফিসে বাজিমাত
স্যাকনিল্কের দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তির ২৬তম দিনে ছবিটি ভারতীয় বক্স অফিসে ৮ কোটি ৫০ লক্ষ টাকা আয় করেছে। এর ফলে ২৬ দিন পার হতে না হতেই ছবিটির মোট নেট বক্স অফিস কালেকশন গিয়ে ঠেকেছে ৫৪ কোটি ১৩ লক্ষ টাকায়। অন্যদিকে, একই সময়ে ছবিটির গ্রস কালেকশন ছাড়িয়ে গেছে ৬৩ কোটি ৮২ লক্ষ টাকার গণ্ডি।
ছবির আসল সাফল্য লুকিয়ে রয়েছে এর বাজেটের অঙ্কে। মাত্র ১.৫ থেকে ২ কোটি টাকা বাজেটে তৈরি একটি ছবির ২৬ দিনে ৫৪ কোটির বেশি ঘরে তোলা নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বড় বিস্ময়। এর বিপরীতে, যশ অভিনীত মেগা বাজেট ছবি ‘টক্সিক’-এর বাজেট ৫০০ থেকে ৬০০ কোটি টাকা হলেও, আয়ের গ্রাফের তুলনা টানলে কম বাজেটের ‘হনুমান অংশ’-এর অভাবনীয় পারফরম্যান্সই এখন ইন্ডাস্ট্রিজুড়ে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।