মাথায় চন্দনের টিপ মুছে দিলেন শিক্ষক! তুলসী পরা নিয়ে কোন বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী?

শিক্ষার সঙ্গে আধুনিক জ্ঞানার্জনের পাশাপাশি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য চর্চাকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার গোলপার্ক রামকৃষ্ণ মিশনের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সমাজের অবক্ষয় নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এই রাজনৈতিক নেতা।
এদিন স্বামীজির বাণীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “স্বামী বিবেকানন্দ এমন শিক্ষার কথা বলতেন, যা মানুষের চরিত্র গঠন করে, মনের বল বৃদ্ধি করে এবং মানুষকে স্বনির্ভর করে তোলে।” এর পরেই কলকাতার এক স্কুলের সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ তোলেন তিনি। নাম না করে ওই ঘটনার তীব্র সমালোচনা করে তিনি বলেন, এক স্কুলছাত্রের মাথায় থাকা চন্দনের টিপ শিক্ষক জোর করে মুছে দিয়েছেন এবং মুখ ধুয়ে ক্লাসে আসার নির্দেশ দিয়েছেন। এই মানসিকতার তীব্র সমালোচনা করে তিনি বলেন, কে কপালে টিপ পরবে বা কে তুলসীমালা ধারণ করবে, এগুলি আমাদের হাজার বছরের পুরনো পরম্পরা ও ঐতিহ্য। সংস্কার ও দেশপ্রেমের অভাব ঘটলে আগামী দিনে পরিস্থিতি অত্যন্ত ভয়ংকর রূপ নেবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠান থেকেই আগামী এক বছরের মধ্যে রাজ্যে এক হাজার ‘বিদ্যা ভারতী’ স্কুল গড়ে তোলার আহ্বান জানান শুভেন্দু অধিকারী। পাশাপাশি গোশালা নির্মাণ এবং তরুণ প্রজন্মের মধ্যে গীতা বিতরণের ওপর বিশেষ জোর দেন। ভারতীয় সংস্কৃতির মূল স্রোত টিকিয়ে রাখতে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠানগুলির ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। রাজ্যের পূর্বতন সরকারের শিক্ষানীতি ও পাঠ্যক্রমের সিলেবাস নিয়েও এদিন কড়া সমালোচনা করেন তিনি।