রেলযাত্রীদের জন্য বিরাট সুখবর! হাওড়া ডিভিশনে চালু হল তাক লাগানো আধুনিক প্রযুক্তি, কী কী বদলাচ্ছে জানেন?

যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি, শক্তি ব্যবস্থাপনা ও পরিচালন দক্ষতাকে আরও উন্নত করতে এক বিরাট পদক্ষেপ নিল পূর্ব রেল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডের নেতৃত্ব এবং হাওড়ার ডিভিশনাল রেল ম্যানেজার শ্রী বিশাল কাপুরের প্রশাসনিক তত্ত্বাবধানে হাওড়া ডিভিশনজুড়ে প্রযুক্তিগত ও পরিকাঠামোগত একাধিক যুগান্তকারী উন্নয়নমূলক কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। রেলের এই বহুমুখী উদ্যোগে সাধারণ যাত্রীদের যাতায়াত আরও বেশি নিরাপদ, নির্বিঘ্ন ও আরামদায়ক হয়ে উঠেছে বলেই দাবি কর্তৃপক্ষের।
শক্তি ব্যবস্থাপনা ও ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ:
বিদ্যুৎ সাশ্রয় ও আধুনিক বন্দোবস্তের অংশ হিসেবে ডিভিশনজুড়ে মোট ২,৪২৫টি GPRS/RF-ভিত্তিক স্মার্ট এনার্জি মিটার স্থাপন করা হয়েছে। পাশাপাশি, আজিমগঞ্জ, কাটোয়া, বর্ধমান, হাওড়া এবং ব্যান্ডেল কলোনি এলাকার প্রায় ৯.৮৫ কিলোমিটার ওভারহেড LT লাইনকে নিরাপদ ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় (Underground Power Distribution) রূপান্তর করা হয়েছে। এর ফলে দুর্ঘটনা ও লোডশেডিংয়ের ঝুঁকি অনেকটাই কমল।
যাত্রীসুবিধায় তাক লাগানো পরিকাঠামো:
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে গোটা ডিভিশনে ১৬৪টি আধুনিক ওয়াটার কুলার বসানো হয়েছে। এছাড়া বিভিন্ন স্টেশন ও গুডস ইয়ার্ডে ৭৪টি হাই মাস্ট টাওয়ারে ৩০০ ওয়াটের LED ফ্লাডলাইট এবং ১৫৫টি স্টেশনে উন্নতমানের LED ব্যাটেন, স্ট্রিট ও ট্রাঙ্ক লাইট লাগিয়ে পুরো চত্বরের আলোকসজ্জা ঢেলে সাজানো হয়েছে। তারকেশ্বর স্টেশনে নতুন ১২ মিটার দীর্ঘ ফুট ওভার ব্রিজ (FOB)-এর কনকোর্স এলাকায় ৪০ ওয়াটের ৫৬টি LED ট্রাঙ্ক লাইট বসিয়ে বিশ্বমানের নান্দনিক রূপ দেওয়া হয়েছে।
অটোমেশন ও প্রযুক্তির ছোঁয়া:
স্বয়ংক্রিয় ড্রেনেজ ব্যবস্থা: বর্ষার জল জমার চিরকালীন সমস্যা মেটাতে ইএমইউ কারশেড, ঝিল সাইডিং টিকিয়াপাড়া এবং সালকিয়া এলাকার ৮টি উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেনেজ পাম্পে রাডার সেন্সর ও LoRa কমিউনিকেশন নোড যুক্ত করা হয়েছে। এটি Sense–Transmit–Monitor–Respond—এই চার ধাপের স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলায় ম্যানুয়াল শ্রম ও ট্রেনের জট অনেকটাই কমেছে।
এসকেলেটর মনিটরিং: বর্ধমান স্টেশনে স্বল্প খরচে বিভাগীয়ভাবে তৈরি হয়েছে ‘Escalator Fault Alert & Monitoring System’। এর মাধ্যমে রিয়েল-টাইমে ১০টি এসকেলেটরের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে।
এসি কোচ রিমোট মনিটরিং: পরীক্ষামূলকভাবে কোচ ২৬১১৩৫-এ চালু হয়েছে AC Coach Remote Monitoring System। এর জেরে RMPU-এর রিয়েল-টাইম ড্যাশবোর্ড পর্যবেক্ষণ, আগাম রক্ষণাবেক্ষণ এবং ‘রেল মদদ’-এর অভিযোগ দ্রুত নিষ্পত্তি সম্ভব হচ্ছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাঝি এক বিবৃতিতে জানান, যাত্রী সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিষেবার মান আধুনিকীকরণে প্রতিজ্ঞাবদ্ধ পূর্ব রেল। হাওড়া ডিভিশনের এই প্রযুক্তিগত রূপান্তর রেলযাত্রাকে আরও অনেক বেশি দক্ষ ও আরামদায়ক করে তুলবে।