অসমের জেলে হু হু করে ছড়াচ্ছে ভয়ংকর সংক্রমণ! মাত্র চার মাসে এইচআইভি আক্রান্ত ২২৬ জন কয়েদি

অসমের কারাগারগুলিতে বন্দি কয়েদিদের মধ্যে মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে এইচআইভি (HIV) সংক্রমণ। রাজ্যজুড়ে কয়েদিদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত চার মাসে (এপ্রিল থেকে জুলাই) অসমের ৩১টি জেলে মোট ২২৬ জন কয়েদির শরীরে এইচআইভি পজিটিভ ধরা পড়েছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন এবং নজিরবিহীন এই পরিস্থিতির উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
পরিস্থিতি কতটা গুরুতর, তা প্রথম প্রকাশ্যে আসে শ্রীভূমি জেলা কারাগার থেকে। ওই জেলে অনুমোদিত ধারণক্ষমতা মাত্র ১৮৭ জন হলেও বর্তমানে সেখানে বন্দি রয়েছেন ৪৪৫ জন। যার মধ্যে ১১ জন কয়েদির শরীরে এইচআইভি সংক্রমণ পাওয়া গিয়েছে। জেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, আক্রান্ত বন্দিদের সিংহভাগের বিরুদ্ধেই নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (NDPS) আইনে মামলা রয়েছে।
ইতিমধ্যেই সংক্রমিত বন্দিদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। রাজ্য স্বাস্থ্যমন্ত্রী অশোক সিঙ্ঘল জানিয়েছেন, রাজ্যে বর্তমানে প্রায় ৩৩ হাজার সক্রিয় এইচআইভি ও এইডস রোগী রয়েছেন। এই পরিস্থিতির মোকাবিলায় সমস্ত কারাগারেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।