পাউরুটি তৈরি হচ্ছে নোংরা আর মাছির ভনভনে পরিবেশে! হুগলিতে ফুড সেফটি টিমের হানা দিতেই বন্ধ হল বেকারি

রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা ও মান যাচাই করতে শুরু হয়েছে বিশেষ অভিযান। আর এই অভিযানের প্রথম দিনেই হুগলির ভদ্রেশ্বরে এক ভয়াবহ ও অস্বাস্থ্যকর পরিবেশের ছবি সামনে এল। নিয়মবহিতভাবে নোংরা পরিবেশে পাউরুটি, বিস্কুট ও টোস্ট তৈরির অভিযোগে ভদ্রেশ্বরের একটি নামী বেকারি অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য দফতরের ফুড সেফটি টিম।

সূত্রের খবর, এ দিন হুগলি জেলা স্বাস্থ্য দফতরের ফুড সেফটি আধিকারিকরা ভদ্রেশ্বর পুরসভার এগজিকিউটিভ অফিসার (ইও) ও পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে একটি নামী মিষ্টান্ন প্রতিষ্ঠান, কেক-পেস্ট্রির দোকান এবং বেকারিতে আচমকা হানা দেন। ওই বেকারির ভেতরে প্রবেশ করতেই আধিকারিকদের চোখ কপালে ওঠে। চারদিকে নোংরা ঝুল, ভনভন করছে মাছি। কারিগরদের হাতে গ্লাভস, মাথায় ক্যাপ বা মুখে মাস্কের ছিটেফোঁটাও ছিল না। এমনকি বিস্কুট তৈরিতে ডিম ব্যবহার করা হলেও প্যাকেটে তার কোনো উল্লেখ ছিল না এবং দমকলের লাইসেন্স ছাড়াই চলছিল চুল্লি।

পরিবেশ এতটাই অস্বাস্থ্যকর ছিল যে সঙ্গে সঙ্গে বেকারি থেকে বিস্কুটের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। পাশাপাশি, পরিস্থিতি সম্পূর্ণ পরিষ্কার ও নিরাপদ না করা পর্যন্ত বেকারিটি খোলা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন আধিকারিকরা। এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে এই ধরণের গাফিলতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *