দক্ষিণে থামবে দুর্যোগ, নাকি বাড়বে দুর্ভোগ? একঝলকে দেখে নিন আবহাওয়ার বড় আপডেট!

নিম্নচাপের জেরে বঙ্গে চলা টানা বৃষ্টির আবহাওয়ায় কিছুটা স্বস্তির খবর দিলেও সম্পূর্ণ নিস্তার নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগ আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কিছু অংশে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির জন্য ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও হলুদ সতর্কতা জারি রয়েছে। এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পংয়েও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারের কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং প্রতিকূল আবহাওয়ায় সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।