মৃত্যুর ৬ দিন আগেই রহস্য! সুশান্তের ম্যানেজারের মৃত্যুতে এবার সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যুর মধ্যে নিশ্চিতভাবে ‘১০০ শতাংশ যোগ’ রয়েছে। মৃত্যুর ৬ বছর পর এমনই বিস্ফোরক দাবি করলেন দিশার বাবা সতীশ সালিয়ান। মঙ্গলবার বম্বে হাইকোর্ট দিশা সালিয়ানের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই এই চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি।

২০২০ সালের জুন মাসে মাত্র ৬ দিনের ব্যবধানে মুম্বইয়ে রহস্যমৃত্যু হয় দিশা সালিয়ান এবং সুশান্ত সিং রাজপুতের। ওই বছরের ৮ জুন মালাডের একটি আবাসনের ১৫ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল দিশার। এর ঠিক ৬ দিন পর, ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। সে সময় মুম্বই পুলিশ দিশার মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে দাবি করলেও, প্রথম থেকেই সেই তত্ত্ব মানতে নারাজ ছিলেন তাঁর পরিবার। দিশার বাবার অভিযোগ ছিল, রাজনৈতিক প্রভাব খাটিয়ে গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছিল।

এ দিন বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চও মামলার শুনানিতে জানিয়েছে, মুম্বই পুলিশের তদন্তে একাধিক অসঙ্গতি রয়েছে এবং অনেক প্রশ্নের উত্তর মেলেনি। দিশার ময়নাতদন্তের রিপোর্টে শরীরে বেশ কিছু আঘাতের চিহ্নের উল্লেখ থাকায় আদালত মনে করছে, এ বিষয়ে বিশেষজ্ঞের মতামত নেওয়া জরুরি।

আদালত সিবিআইকে এই ঘটনায় নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আদালত স্পষ্ট করে জানিয়েছে, পর্যাপ্ত প্রমাণ না পেলে যেন কাউকেই অযথা অভিযুক্ত হিসেবে গণ্য করা না হয়। সুশান্ত ও দিশার মৃত্যুর এই সমান্তরাল রহস্যে আদালতের এই রায়ের পর নতুন করে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক ও বিনোদন মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *