মাত্র ৫ মাসে দ্বিতীয় বিয়ে ভাঙল বাদশার! এখন কোথায় আছেন র্যাপারের প্রথম স্ত্রী ও কন্যাসন্তান?

মাত্র পাঁচ মাসের মাথায় দ্বিতীয় স্ত্রী ইশা রিখির সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করে ফের খবরের শিরোনামে উঠে এসেছেন জনপ্রিয় র্যাপার বাদশা। চলতি বছরের ৩১ আগস্ট তাঁদের পথ আলাদা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই অনুরাগীদের মনে নতুন করে কৌতূহল দানা বেঁধেছে—কোথায় আছেন এবং কেমন আছেন বাদশার প্রথম স্ত্রী জেসমিন মাসিহ ও তাঁদের কন্যা জেসেমি গ্রেস মাসিহ সিং?
২০১২ সালে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে জেসমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাদশা। ২০১৭ সালের জানুয়ারি মাসে তাঁদের কোলে আসে কন্যা জেসেমি। কিন্তু দীর্ঘ আট বছর সংসার করার পর ২০২০ সালে সেই সম্পর্কে পাকাপাকিভাবে ইতি টানেন তাঁরা। ডিভোর্সের পর থেকেই জেসমিন ও তাঁদের মেয়ে পাকাপাকিভাবে লন্ডনে বসবাস করছেন।
কেন ভেঙেছিল প্রথম বিয়ে?
বাদশার প্রথম বিবাহবিচ্ছেদের নেপথ্যে মূলত কাজ করেছিল সংস্কৃতি ও জীবনযাত্রার বড় ফারাক। যেহেতু জেসমিনের জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে, তাই ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে তাঁর প্রবল অসুবিধা হচ্ছিল। এছাড়া তাঁদের মেয়ের শারীরিক পরিস্থিতি এবং মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেও সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছিল। বাদশা নিজেই সে সময় জানিয়েছিলেন, পরিবেশটি জেসিমির জন্য অস্বাস্থ্যকর হয়ে ওঠায় আলাদা হয়ে যাওয়াই শ্রেয় ছিল।
বর্তমানে প্রচারের আলো থেকে হাজার মাইল দূরে লন্ডনে সাধারণ জীবন কাটাচ্ছেন জেসমিন। অন্যদিকে ভৌগোলিক দূরত্ব এবং মহাদেশের ব্যবধান থাকলেও নিজের একমাত্র মেয়েকে চোখে হারান বাদশা। দূরে থেকেও মেয়ের সব দায়িত্ব যেমন তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেন, তেমনই সুযোগ পেলেই যোগাযোগ রাখেন। জনসমক্ষেই মেয়েকে নিজের “পুরো পৃথিবী” বলে একাধিকবার উল্লেখ করেছেন এই তারকা।