সেপ্টেম্বরের শুরুতেই আবহাওয়ায় বিরাট বদল, কোন কোন রাজ্যে চরম সতর্কতা?

সেপ্টেম্বরের শুরুতেই দেশের আবহাওয়ায় এক বিরাট ও নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত মিলল। বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলিতে নতুন করে মনসুন বুস্ট বা সক্রিয় বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সক্রিয় বর্ষা, পশ্চিমী ঝঞ্ঝা এবং একটি শক্তিশালী নিম্নচাপের ত্রিফলা ফলায় আগামী ৪ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটতে চলেছে।
এই ত্রিফলা ওয়েদার সিস্টেমের সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে হিমালয়ের পাদদেশীয় অঞ্চল এবং সংলগ্ন সমতল ভূমিগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে অতিভারী থেকে চরম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ৪ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে এই সিস্টেমটি সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে। যার জেরে পশ্চিম উত্তরপ্রদেশ, দিল্লি-NCR, পূর্ব হরিয়ানা, চণ্ডিগড় এবং পূর্ব পঞ্জাবেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সূত্রপাত হবে।
অন্যদিকে, এর প্রভাব পড়েছে বাংলাতেও। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ, জম্মু থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং বিহার ও ঝাড়খণ্ডের উপর অবস্থানরত ঘূর্ণাবর্তের মিলিত প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে। মঙ্গলবার সারারাত বৃষ্টির পর বুধবারও মোটের ওপর একই রকম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর হলো, এই নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার কারণে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।