দক্ষিণ রেলে প্রায় সাড়ে চার হাজার শূন্যপদে বাম্পার নিয়োগ! কোন যোগ্যতায় মিলবে কত টাকা বেতন? জানুন বিশদে

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর নিয়ে এল দক্ষিণ রেল। ভারতীয় রেলের এই সংস্থায় অ্যাপ্রেন্টিস পদে প্রায় সাড়ে চার হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দক্ষিণ রেলের বিভিন্ন ডিভিশন, ওয়ার্কশপ এবং ইউনিটে এই প্রশিক্ষণমূলক নিয়োগ করা হবে। তবে রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই প্রশিক্ষণ শেষ হওয়ার পর স্থায়ী চাকরির কোনো নিশ্চয়তা থাকছে না।
শূন্যপদের বিন্যাস ও যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪,৪৭১টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। এর মধ্যে নতুন বা ফ্রেশার প্রার্থীদের জন্য ১৬৩টি এবং এক্স আইটিআই (Ex-ITI) প্রার্থীদের জন্য ৪,৩০৮টি আসন সংরক্ষিত রয়েছে। বিভিন্ন ট্রেড অনুযায়ী প্রশিক্ষণের মেয়াদ আলাদা। যেমন—ওয়েল্ডার এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান ট্রেডের ক্ষেত্রে প্রশিক্ষণের মেয়াদ ১ বছর ৩ মাস এবং ফিটার ও পেন্টার ট্রেডের ক্ষেত্রে তা ২ বছর।
আবেদনের শেষ তারিখ ও ফি
আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এর জন্য আবেদনকারীদের ১০০ টাকা প্রসেসিং ফি দিতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতি, শারীরিকভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না। নথি যাচাইয়ের জন্য নির্বাচিত প্রার্থীদের সম্ভাব্য তালিকা ১৫ অক্টোবর ২০৬ প্রকাশ করা হতে পারে।
স্টাইপেন্ড ও বেতন কাঠামো
প্রশিক্ষণ চলাকালীন সমস্ত স্তরের প্রার্থীরা মাসিক স্টাইপেন্ড পাবেন। ফ্রেশার ও মাধ্যমিক পাশ প্রার্থীরা প্রতি মাসে পাবেন ৮,২০০ টাকা। অন্যদিকে, ফ্রেশার উচ্চমাধ্যমিক পাশ এবং এক্স আইটিআই প্রার্থীরা প্রতি মাসে ৯,৬০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন।
নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের সম্পূর্ণ মেধাতালিকার ভিত্তিতে বেছে নেওয়া হবে। ফ্রেশারদের ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরকে ২০০ নম্বরে রূপান্তর করে মেধা তালিকা তৈরি করা হবে। পাশাপাশি, এক্স আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও আইটিআই—উভয় পরীক্ষার নম্বরকেই সমান গুরুত্ব দিয়ে ১০০ নম্বরের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হবে।