ফ্রিজে ফাঙ্গাস পড়া মাংস, আলুতে রং! নামী রেস্তোরাঁয় যা দেখা গেল, চোখ কপালে উঠবে

ফ্রিজে ভর্তি ফাঙ্গাস পড়া চিকেন আর আলুতে মেশানো ক্ষতিকর রং। মধ্যমগ্রামের একটি জনপ্রিয় মলের নামী রেস্তোরাঁয় আচমকা হানা দিয়ে এমন ভয়াবহ চিত্রই দেখলেন খাদ্য দফতরের আধিকারিকরা। মঙ্গলবার এই ফুড সেফটি অভিযানের পরই ওই রেস্তোরাঁর লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।
খাদ্য দফতর সূত্রে জানা গেছে, স্টার মলের ওই রেস্তোরাঁর কিচেন পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে সংরক্ষণ করার কারণে ফেলে রাখা মাংসে ফাঙ্গাস বা ছত্রাক ধরে গেছে। সেই বাসি ও পচা মাংস দিয়েই খাবার তৈরি করে গ্রাহকদের পরিবেশন করা হচ্ছিল। এছাড়া খাবারে কৃত্রিম রং মেশানোর মতো গুরুতর অভিযোগও প্রমাণিত হয়েছে। আধিকারিকদের মতে, এই ধরণের খাবার মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এবং তা বিষাক্তও বটে।
অভিযান চলাকালীন রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, মাংসগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা হয়নি এবং ফ্রিজে রাখা ওই মাংস মাত্র দুই দিনের পুরনো। তবে শেষ পর্যন্ত খাদ্য দফতরের কড়া নজরদারি ও চাপের মুখে পড়ে ওই সমস্ত অস্বাস্থ্যকর মাংস ফেলে দিতে বাধ্য হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
ফুড সেফটি দফতরের কর্তা প্রসেনজিৎ বটব্যালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খাবারের গুণগত মান নিয়ে বিন্দুমাত্র আপোস করা হবে না। স্বাস্থ্যবিধি না মানলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ করা হবে এবং সমস্ত রেস্তোরাঁকে টাটকা ও নিরাপদ খাবার পরিবেশনের বিষয়ে সচেতন থাকতে হবে।