NEET-আন্দোলনের সব মামলা বাতিল! সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে কোকরোচ জনতা পার্টি

দেশজুড়ে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি-র নেতৃত্বে চলা আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের অধীনে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আদালত জানিয়েছে, ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত সমস্ত এফআইআর খারিজ করা হলো। পাশাপাশি দেশের কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ওই একই ঘটনা সংক্রান্ত অন্য কোনও তদন্ত বা বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে না। এমনকি নির্দিষ্ট ওই সময়সীমার মধ্যে ঘটে যাওয়া ঘটনার জেরে নতুন করে কোনও এফআইআর দায়ের করার ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দিল্লি পুলিশ ও কেন্দ্রের জন্য বিশেষ ব্যতিক্রম

আদালতের এই ব্যাপক স্বস্তিদায়ক নির্দেশের পরেও একটি নির্দিষ্ট ব্যতিক্রম রাখা হয়েছে। আদালত জানিয়েছে, কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশ চাইলে নির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করতে পারবে। এর আগে আদালতের সামনে দিল্লি পুলিশের একটি নির্দিষ্ট আবেদন রাখা হয়েছিল। যেখানে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল, অভিযুক্তদের একটি তালিকায় থাকা ২,৮৭৩ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপের পর সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ওই অভিযুক্তরা যদি সত্যিই বিক্ষোভস্থলে থেকে খুন বা ধর্ষণের মতো গুরুতর অপরাধ করে থাকে, তবে তাদের বিরুদ্ধে আইনগত তদন্ত ও শাস্তি হোক, তাতে তাঁদের আপত্তি নেই।

ক্ষতিপূরণ ও ৫ সেপ্টেম্বরের মিছিল বাতিল

মামলার রায়ে সুপ্রিম কোর্ট ক্ষতিপূরণের বিষয়েও বিশেষ নির্দেশ দিয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করে গোটা দেশের জন্য একটি সুনির্দিষ্ট ক্ষতিপূরণ ব্যবস্থা তৈরি করতে বলা হয়েছে। এছাড়া নির্দিষ্ট একটি মামলায় কেন্দ্রীয় সরকারকে তিন মাসের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালতের এই রায়কে সম্পূর্ণ ‘ঐতিহাসিক’ বলে স্বাগত জানিয়েছে সিজেপি নেতৃত্ব। এই আইনি স্বস্তির পর সিজেপির মুখপাত্র প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে স্পষ্ট করে দিয়েছেন যে, পূর্বঘোষিত ৫ সেপ্টেম্বর দিল্লির সেই প্রতিবাদ মিছিল আর হচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *