মমতার মামারবাড়িতে ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ছড়াচ্ছে রহস্য

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। মঙ্গলবার বীরভূমের রামপুরহাটের কুশুম্বা গ্রামে নিজের বাপের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। মৃতার বাবা নীহার মুখোপাধ্যায় সম্পর্কে মমতার মামাতো ভাই তথা স্থানীয় তৃণমূল নেতা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বছরখানেক আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বোলপুর হাইস্কুলের গ্রুপ সি বা তৃতীয় শ্রেণির কর্মী হিসেবে চাকরি হারিয়েছিলেন বৃষ্টি। এই চাকরি হারানো নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের তরফে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। পেশাগত এই বিপর্যয়ের পাশাপাশি তাঁর বিবাহবিচ্ছেদের আইনি লড়াইও চলছিল। এক সন্তানের জননী বৃষ্টি গত চার-পাঁচ বছর ধরে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন এবং তাঁর চিকিৎসাও চলছিল বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে।
মঙ্গলবার রামপুরহাটের কুশুম্বা গ্রামে তাঁর বাড়ি থেকেই দেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য তা রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি সামনে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রামপুরহাটের কুশুম্বা গ্রামেই মুখ্যমন্ত্রীর মামাবাড়ি থাকায় এই মর্মান্তিক পরিণতির খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলেও আলোড়ন তৈরি হয়েছে।