পালাবদলের বাংলায় প্রথম দুর্গাপুজো! স্কুল-কলেজে কতদিন ছুটি থাকবে? সামনে এল বড় আপডেট

মাস ঘুরলেই ঢাকের পিঠে কাঠি পড়বে, শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। ২০২৬ সালের এই দুর্গাপুজো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ রাজ্যে পালাবদলের পর এটিই নতুন সরকারের আমলের প্রথম দুর্গাপুজো। পুজো যতই ঘনিয়ে আসছে, ততই স্কুল-কলেজের ছুটি এবং সরকারি অনুদান নিয়ে সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তাদের মধ্যে কৌতূহল তুঙ্গে পৌঁছেছে।
স্কুল-কলেজের ছুটি নিয়ে জল্পনা:
এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে পুজোর ছুটির নির্দিষ্ট নির্দেশিকা না মিললেও, পূর্বের নিয়মের মতোই চতুর্থী থেকে ভাইফোঁটা পর্যন্ত স্কুল ও কলেজগুলিতে পঠনপাঠন বন্ধ রাখার সম্ভাবনা রয়েছে। ২০২৬ সালের পুজো অনুযায়ী, ১৬ অক্টোবর মহাষষ্ঠী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পড়েছে। মহালয়া ১০ অক্টোবর হওয়ায় এখন থেকেই পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে।
অনুদান নীতিতে বড় পরিবর্তন:
অন্যদিকে, দুর্গাপুজোর অনুদানের ক্ষেত্রেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগের মতো সমস্ত পুজো কমিটিকে ঢালাও আর্থিক অনুদান দেওয়ার পরিবর্তে, শুধুমাত্র যে সমস্ত কমিটির সত্যিই আর্থিক প্রয়োজন রয়েছে, তাদেরই বাছাই করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নবান্ন সূত্রে খবর, ১০ লক্ষ টাকার কম বাজেটের পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার বিষয়টি নিয়ে অর্থ দফতরের সঙ্গে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।