‘বাবা অনেক ভুল করেছেন, প্রায়শ্চিত্তও করেছেন!’ বিগ বস এসেই বিস্ফোরক প্রয়াত তাপস পালের কন্যা সোহিনী

রবিবাসরীয় সন্ধ্যায় আলো ঝলমলে মঞ্চে চেনা মেজাজে ধরা দিলেন ‘দাদা’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই পর্দা উঠল বহু প্রতীক্ষিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’র। আর উদ্বোধনী দিনেই আবেগে ভাসল মঞ্চ। প্রতিযোগী হিসেবে পা রেখেই বাবা তাপস পালের স্মৃতিতে আবেগপ্রবণ হয়ে পড়লেন কন্যা সোহিনী পাল। কথায় কথায় চোখ ঝাপসা হলেও গলায় স্পষ্ট ছিল দৃঢ় আত্মবিশ্বাস। বাবার ভুলত্রুটির কথা লুকোননি, বরং বুক চিতিয়ে জানিয়েছেন, অতীত বদলাতে নয়, নিজের স্বাধীন পরিচয় গড়তেই এই মঞ্চে তাঁর আগমন।

মঞ্চে সোহিনীকে দেখেই স্বাভাবিকভাবে উঠে আসে প্রয়াত অভিনেতা ও রাজনীতিক তাপস পালের প্রসঙ্গ। বাবার প্রয়াণের পর মুম্বই থেকে পাকাপাকিভাবে কলকাতায় ফিরে এসে এখন মায়ের সঙ্গেই থাকছেন সোহিনী। রিয়্যালিটি শো-এর কঠিন লড়াইয়ের ঘরে ঢোকার আগে কিছুটা ভয়ে ভয়ে থাকলেও, সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে মনে করিয়ে দেন যে নিজেকে মানসিকভাবে শক্ত না করলে এই খেলায় টিকে থাকা অসম্ভব। উত্তরে বাবার শেখানো মন্ত্র আওড়ে সোহিনী জানান, “বাবা বলতেন, পরিস্থিতি দেখে ব্যবস্থা করে নিতে হয়।”

বাবার রাজনৈতিক জীবন ও বিতর্কের ছায়া যে তাঁর পরিবারকে ছুঁয়ে গিয়েছে, তা একবিন্দু অস্বীকার করেননি সোহিনী। অত্যন্ত স্পষ্ট ও মার্জিত ভাষায় তিনি বলেন, “বাবা অনেক ভালো কাজ করেছেন, তাতে কোনও দ্বিমত নেই। তবে কিছু ভুলও করেছেন এবং তার প্রায়শ্চিত্তও করেছেন।” এরপরই সোহিনী যোগ করেন, “আমি তাপস পালের মেয়ে, এটা আমার পরিচয়ের একটা অংশ মাত্র। কিন্তু আমি এখানে অতীত পাল্টাতে আসিনি, ভবিষ্যৎ সুন্দর করতে এসেছি। তাপস পালের মেয়ের বাইরেও আমার যে একটা আলাদা অস্তিত্ব আছে, সেটাই প্রমাণ করতে চাই। সকলের ঘরের মেয়ে হয়ে উঠতেই এই লড়াই।”

সোহিনী ছাড়াও এবারের বিগ বসের ঘরে হাজির হয়েছেন একঝাঁক জনপ্রিয় তারকা। মোট তিন মাস বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এই ঘরের অন্দরমহলে টিকে থাকার কঠিন লড়াই চালাবেন তাঁরা। প্রতিযোগীদের এই দীর্ঘ তালিকায় রয়েছেন অভিনেতা ভরত কল, অনিন্দ্য সেনগুপ্ত, সায়ক চক্রবর্তী; অভিনেত্রী সৃজলা গুহ, নন্দিনী দত্ত, মনামী ঘোষ; সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা; প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস; সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিরঞ্জন মণ্ডল (লাফটারসেন); বিদেশি মডেল-অভিনেত্রী আলেকজান্দ্রা টেলর এবং জলপাইগুড়ির ব্যবসায়ী তনুশ্রী রায় দাস। সব মিলিয়ে বিনোদন, রাজনীতি আর আবেগের এক জমাটি মিশেলে জমে উঠেছে বিগ বস বাংলার নতুন এই মরশুম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *