বঙ্গে ফের নিম্নচাপের চোখরাঙানি! কলকাতা সহ কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া আর পেন্টাড বৃষ্টি?

বাংলার আকাশ জুড়ে এখন নিম্নচাপের ঘনঘটা। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া একটি শক্তিশালী নিম্নচাপের জেরে বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। ইতিমধ্যেই তার প্রভাবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে বৃষ্টিপাত।আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপটির মূল প্রভাব ওড়িশা এবং ছত্তীসগঢ়ের দিকে বেশি থাকলেও, তার জেরে জলীয় বাষ্প ঢুকে বঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। গতকাল রবিবার দুপুর থেকেই শুরু হয়েছিল পশলা বৃষ্টি, যা স্থায়ী হয়েছিল রাত পর্যন্ত।আজ, সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। শহরজুড়ে চলছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দফতর মূলত উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা। এই অঞ্চলগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আগামীকাল পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। অন্যদিকে, তিলোত্তমা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গেই নয়, দুর্যোগের আঁচ রয়েছে উত্তরবঙ্গেও। আজ থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে উপরের দিকের জেলাগুলোতে জারি রয়েছে হলুদ সর্তকতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।