নিরাপত্তার অভাব ও ই-রিকশার দাদাগিরি! হঠাৎ বাস বন্ধ থাকায় চরম ভোগান্তি

নিরাপত্তার অভাব, কর্মীর দুর্ঘটনার ক্ষেত্রে মালিকপক্ষের উদাসীনতা এবং ই-রিকশাচালকদের বেপরোয়া দৌরাত্ম্যের অভিযোগে রবিবার সকাল থেকে হঠাৎই বাস পরিষেবা বন্ধ রাখলেন পূর্ব বর্ধমানের কালনা-বর্ধমান রুটের একাংশ বিক্ষুব্ধ বাসকর্মী। এর ফলে ছুটির দিনেও সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

কালনা-বর্ধমান রুটে প্রতিদিন অন্তত ৫০ থেকে ৬০টি বাস যাতায়াত করে এবং বহু মানুষ এই রুট ব্যবহার করেন। কিন্তু বাসকর্মীদের ন্যূনতম সুরক্ষা নেই বলে অভিযোগ। তাঁদের দাবি, কোনো বাসকর্মী দুর্ঘটনার শিকার হলে মালিকপক্ষ চিকিৎসার কোনো দায়িত্ব নিতে চায় না। এর পাশাপাশি ই-রিকশার সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বাসের যাত্রী ও আয় দুটোই মারাত্মকভাবে কমে গেছে এবং রাস্তায় প্রায়ই ই-রিকশাচালকদের সঙ্গে বাসকর্মীদের বচসা ও অশান্তি লেগেই থাকে।

এই ক্ষোভের জেরে রবিবার সকাল থেকে কর্মবিরতির ডাক দেন কর্মীরা। তাঁদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে চালক ও খালাসি সহ সমস্ত কর্মীকে নির্দিষ্ট সময়ের মধ্যে পুজোর বোনাস দিতে হবে এবং অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ী করতে হবে। এদিন পরিস্থিতি সামাল দিতে ARTO-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাসকর্মীরা, যেখানে তাঁরা নিজেদের সমস্ত দাবি পেশ করেন।

এ বিষয়ে বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানকীরঞ্জন সিনহা জানান, শ্রমিকদের দাবি কী, তা সুনির্দিষ্টভাবে বাস মালিকদের জানাতে হবে, কিন্তু এভাবে অহেতুক বাস বন্ধ রাখা যায় না। RTO আধিকারিকদের সঙ্গে শ্রমিকদের বৈঠক হয়েছে এবং আগামী সোমবার থেকে পুরোদমে বাস চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *