নাবালিকাকে ধর্ষণ করে জঙ্গল নিয়ে যাওয়ার অভিযোগ! ফাঁসির দাবিতে উত্তাল রাজ্য সড়ক

ঝাড়গ্রামে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে এলাকা। গত ২৩ আগস্ট ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকেই ঝাড়গ্রাম-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন সাধারণ মানুষ। এঠালা মোড়ে টায়ার জ্বালিয়ে ও প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি তোলেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ আগস্ট এক স্থানীয় টোটোচালক ওই নাবালিকা স্কুলছাত্রীকে টিউশনে নিয়ে যাওয়ার নাম করে একটি জঙ্গলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালায়। কাউকে এই কথা জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় ভয়ে পরিবারের কাছে বিষয়টি চেপে যায় মেয়েটি। টানা দু’দিন সে স্কুলে যাওয়া বন্ধ রাখায় পরিবারের সন্দেহ হয় এবং জিজ্ঞাসাবাদ করলে পাশবিক এই অত্যাচারের কথা প্রকাশ্যে আসে।
ঘটনার পরই গত ২৫ আগস্ট মঙ্গলবার বেলপাহাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ করে পুলিশ এবং ওই রাতেই রূপকুমার দাস নামের অভিযুক্ত টোটোচালককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে জেলবন্দি রয়েছে। তবে শুধু গ্রেপ্তারিতে সন্তুষ্ট না হয়ে দ্রুত বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ দিন ফুঁসে ওঠেন গ্রামবাসীরা।
ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর থেকেই নিয়মমাফিক তদন্ত চলছে এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুত চার্জশিট পেশ করে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য পুলিশ সবরকম পদক্ষেপ করছে বলে তিনি নিশ্চিত করেছেন।