‘মনুস্মৃতি নয়, দেশ চলবে সংবিধানে!’ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দফতরের বাইরে ধুন্ধুমার, আটক যুব কংগ্রেস সভাপতি

উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতির পর মঞ্চ ‘শুদ্ধিকরণ’ সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জাতীয় রাজধানী। রবিবার ঝান্ডেওয়ালাঁ এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সদর দফতরের বাইরে তীব্র বিক্ষোভ দেখাল ভারতীয় জাতীয় যুব কংগ্রেস (IYC)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিবসহ বেশ কয়েকজনকে আটক করে পাহাড়গঞ্জ থানায় নিয়ে যায়।

‘আমরা সংবিধান চাই, মনুস্মৃতি নয়’

এদিনের বিক্ষোভের মূল নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব। বিক্ষোভ চলাকালীন তাঁর হাতে ছিল দেশের সংবিধানের প্রতিলিপি এবং অন্য হাতে ছিল ‘মনুস্মৃতি’। সংঘের কার্যালয়ের ঠিক সামনেই প্রতীকীভাবে ‘মনুস্মৃতি’-র প্রতিলিপিতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। তাঁদের স্পষ্ট দাবি, এই দেশ সংবিধান দ্বারা পরিচালিত হবে, কোনও নির্দিষ্ট গ্রন্থ বা মনুস্মৃতি দ্বারা নয়। মনুস্মৃতিকে ‘দলিত-বিরোধী’ ও ‘সমাজ বিভাজনকারী’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তাঁরা।

কোন ঘটনার প্রতিবাদে এই আন্দোলন?

সম্প্রতি উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে একটি অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মঞ্চে যে তথাকথিত ‘যজ্ঞ ও শুদ্ধিকরণ’ করা হয়েছে, তাকে ঘিরেই মূলত দানা বাঁধে এই বিতর্ক। উদয় ভানু চিব অভিযোগ করেন, এই ঘটনা কেবল একজন প্রবীণ রাজনৈতিক নেতাকে অপমান করা নয়, বরং তা দেশের কোটি কোটি দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষের আত্মসম্মানে সরাসরি আঘাত।

তিনি আরও আক্রমণ শানিয়ে বলেন, দেশে বর্তমানে দুটি আদর্শের লড়াই চলছে— একদিকে রয়েছে ড. বি. আর. আম্বেদকরের গড়া সংবিধান, আর অন্যদিকে বিজেপি ও আরএসএস-এর মনুস্মৃতিভিত্তিক ভাবনা। এই জাতিবিদ্বেষী মানসিকতার বিরুদ্ধে তাদের লড়াই আগামী দিনেও জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুব কংগ্রেস নেতৃত্ব। এই বিক্ষোভকে কেন্দ্র করে ঝান্ডেওয়ালাঁ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *