আর রক্ষা নেই! দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ ও লাল সতর্কতা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে ফের দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে এল বঙ্গে। পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করা এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে, যা রাতের দিকে আরও বাড়বে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও নাটকীয়ভাবে বাড়তে পারে এবং আগামী বুধবার পর্যন্ত এই দুর্যোগ চলবে। বিশেষ করে বাঁকুড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও হাওড়ার জন্য হলুদ সতর্কতা এবং ওড়িশা উপকূলের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি সোমবার থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।

শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পঙের কিছু অংশেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, লাগাতার বৃষ্টি চললেও কলকাতার তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় দিনভর ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *