সকাল ৮:৩০ টার পর কড়াকড়ি! কালকের নিট পিজি পরীক্ষার আগে জেন নিন সময়সূচি ও নিষিদ্ধ জিনিসের তালিকা

চিকিৎসকদের স্নাতকোত্তর কোর্সে ভর্তির মেগা পরীক্ষা NEET PG 2026 অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল, ৩০ আগস্ট। পরীক্ষার আগের দিন রাতেই পরীক্ষার্থীদের জন্য বড় নির্দেশিকা জারি করল ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস (NBEMS)। একটিমাত্র শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। তবে শেষ মুহূর্তের হুড়োহুড়ি এড়াতে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু কড়া নিয়ম মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।

বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষার দিন সকাল ৭টা থেকেই কেন্দ্রে প্রবেশ এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হবে। তবে কঠোর নিয়ম মেনে সকাল ৮:৩০ টার পর আর কোনও পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তাই ট্রাফিক জ্যাম বা অন্যান্য সমস্যার কথা মাথায় রেখে পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্র পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের অবশ্যই তাঁদের অফিশিয়াল অ্যাডমিট কার্ড, মূল ফটো পরিচয়পত্র, এবং এমসিআই বা রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। বিদেশি প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ও প্র্যাকটিসের প্রমাণপত্র বাধ্যতামূলক।

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রেও একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলম, কাগজ, ইলেকট্রনিক গজেট যেমন মোবাইল, ট্যাব, ক্যালকুলেটর, ব্লুটুথ ডিভাইস থেকে শুরু করে মানিব্যাগ, বেল্ট, ঘড়ি বা গয়না—সবকিছুই নিষিদ্ধ। পোশাকের ক্ষেত্রেও সাধারণ ও আরামদায়ক পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে। পুরুষদের হালকা হাফহাতা শার্ট ও মহিলাদের অতিরিক্ত কারুকার্যখচিত পোশাক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর এই পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *