গোল্ডেন শুয়ের পর এবার বুন্দেশলিগার সেরার খেতাব! সতীর্থদের ধুলিসাৎ করে ইতিহাস গড়লেন কেন

জার্মান ফুটবলে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন ইংল্যান্ডের অধিনায়ক তথা বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেন। প্রথম কোনও ইংরেজ ফুটবলার হিসেবে জার্মানির বর্ষসেরা ফুটবলারের সম্মান অর্জন করলেন তিনি। ২০২৫-২৬ মরশুমে বুন্দেশলিগায় বায়ার্নের জার্সিতে ৩৬টি গোল করার সুবাদেই এই বিরল সাফল্য ধরা দিল তাঁর ক্যারিয়ারে।

বায়ার্ন মিউনিখের বুন্দেশলিগা ওপেনারের আগে আলিয়াঞ্জ অ্যারেনায় হাজার হাজার সমর্থকের সামনে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেওয়া হয় কেনের হাতে। জার্মান স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (ভিডিএস) সদস্যদের দেওয়া ৬৫৯টি ভোটের মধ্যে একচ্ছত্রভাবে ২৭২টি ভোট পেয়ে শীর্ষে জায়গা করে নেন তিনি। তিনি পিছনে ফেলে দিয়েছেন তাঁরই ক্লাব সতীর্থ মাইকেল ওলিসকে, যিনি ২০৩টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছেন।

চলতি সপ্তাহটা যেন রূপকথার মতো কাটছে ইংলিশ তারকার। কদিন আগেই গত মরশুমে বিধ্বংসী পারফরম্যান্সের সুবাদে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছিলেন কেন। এরপর শনিবার সন্ধ্যায় বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে বায়ার্নের হয়ে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপারকাপ জয়ের আনন্দেও মাতেন তিনি। প্রথম ইংরেজ হিসেবে জার্মানির সেরা হওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে কেন সামাজিক মাধ্যমে লিখেছেন, ক্লাবের অসাধারণ সমর্থকদের সামনে এই সম্মান পাওয়া তাঁর কাছে এক বিশেষ অনুভূতি। বায়ার্নের এই সাফল্যের মরশুমে কোচের পুরস্কার জিতেছেন ভিনসেন্ট কোম্পানি এবং বর্ষসেরা মহিলা ফুটবলারের সম্মান পেয়েছেন জিউলিয়া গুইন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *