“আর মাত্র ২৪ ঘণ্টা!”-সৌরভের ‘বিগ বস বাংলা’য় কারা নিচ্ছেন এন্ট্রি? ফাঁস হল চাঞ্চল্যকর নাম!

আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘বিগ বস বাংলা’ সিজন ৩। এবার এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মূল আকর্ষণ হলেন সকলের প্রিয় ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। শোয়ের ঘোষণা হওয়ার পর থেকেই প্রতিযোগীদের তালিকা নিয়ে টলিউডে জল্পনার শেষ নেই। আগামী ৩০ অগাস্ট রাতেই সৌরভ নিজেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পর্দার সামনে আনছেন ঘরের সমস্ত প্রতিযোগীদের।
মুম্বইতে মনামী ঘোষের উপস্থিতি টলিউডের অন্যতম স্টাইল ডিভা তথা জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষকে নিয়ে জল্পনা সবচেয়ে জোরালো। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তিনি বিগ বসের ঘরে যেতে পারেন। এর মধ্যেই মুম্বইয়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা গেল তাঁকে। সবুজ রঙের শাড়ি, হাতে পুজোর ডালা এবং কপালে গেরুয়া তিলকে ধরা দেন তিনি। নিজেই সেই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, বাধা-বিঘ্ন বিনাশকারী যেন তাঁকে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ওঠার শক্তি দেন। শো শুরুর আগে তাঁর এই মুম্বই সফর যে নেহাত কাকতালীয় নয়, তা স্পষ্ট।
এবার বিগ বস বাংলার পুরো শ্যুটিংই হচ্ছে মুম্বইয়ে। সেই কারণে অনেক তারকাই ইতিমধ্যেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন। টেলি দুনিয়ার পরিচিত মুখ সোনামণি সাহাকেও এই শোয়ে দেখা যেতে পারে বলে গুঞ্জন। সম্প্রতি বিমানবন্দর থেকে কিছু ছবি পোস্ট করে তিনি জানান যে কিছুদিনের জন্য কলকাতা ছাড়ছেন। একইসঙ্গে টলিউডের চর্চিত মুখ সৃজলা গুহ এবং বিদেশি অভিনেত্রী অ্যালেকজান্দ্রিয়া টেলরের নামও শোনা যাচ্ছে, যাঁদের সম্প্রতি ব্যাগ-লাগেজ নিয়ে শহর ছাড়তে দেখা গেছে। পাশাপাশি সোশ্যাল ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী, শন বন্দ্যোপাধ্যায় এবং যশ-নুসরতের নামও সম্ভাব্য প্রতিযোগীর তালিকায় উঠে আসছে।
আগামী ৩০ অগাস্ট রাত ৮টায় সম্প্রচারিত হবে ‘বিগ বস বাংলা সিজন ৩’-এর গ্র্যান্ড ওপেনিং। সেদিনই প্রকাশ্যে আসবে চূড়ান্ত প্রতিযোগীদের নাম। এরপর ৩১ অগাস্ট থেকে সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় দেখা যাবে এই রিয়েলিটি শো।