বউদির সঙ্গে পরকীয়ায় মজে স্ত্রীকে গলা কেটে খুন! মালদহের নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য

পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, হত্যাকাণ্ডের পর লোকচক্ষুর আড়ালে রাখতে মৃত স্ত্রীর গলাকাটা দেহ খাটের নিচেই লুকিয়ে রেখেছিল অভিযুক্ত। এই চাঞ্চল্যকর ও রোমহর্ষক ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার সাতটারি এলাকায়। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত স্বামী এবং তাঁর পরকীয়া প্রেমিকাকে (বউদি) গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ২৫ বছর বয়সী শিলা বিবির বাপের বাড়ি মালদহের মানিকচক থানার এনায়েতপুরে। প্রায় আট বছর আগে সাতটারির বাসিন্দা, পেশায় ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিক মোজাম্মেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুটি সন্তানও রয়েছে।

অভিযোগ, গত কয়েক মাস ধরে নিজের বউদির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মোজাম্মেল। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই অশান্তি ও কলহ লেগে থাকত। ঘটনার দিনও পারিবারিক এই বিষয় নিয়ে তীব্র বচসা শুরু হয়। সেই ক্ষোভের বসেই মোজাম্মেল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী শিলা বিবির গলা কেটে খুন করে। এরপর অপরাধ ঢাকতে রক্তমাখা দেহটি ঘরের ভেতরেই খাটের নিচে লুকিয়ে রেখে দেয় সে।

তবে প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তাঁরা ঘরে ঢুকে খাটের নিচ থেকে রক্তাক্ত দেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে ইংরেজবাজার থানায় খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই বর্বরোচিত ঘটনায় পুলিশ তৎক্ষণাৎ মৃতার স্বামী মোজাম্মেল এবং তাঁর বউদিকে গ্রেপ্তার করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *