শিয়ালদায় ৭ ঘণ্টার মেগা ব্লক! সপ্তাহান্তে যাতায়াতের আগে জরুরি তালিকা না দেখলেই চরম বিপত্তি।

শিয়ালদার যাত্রীদের জন্য বড়সড় ধাক্কা। রেলের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শিয়ালদা ডিভিশনে ৭ ঘণ্টার লম্বা ট্রাফিক ব্লক ঘোষণা করা হয়েছে। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে শিয়ালদা মেইন লাইন, বনগাঁ লাইন এবং ডানকুনি লাইনের ট্রেন চলাচলে। শিয়ালদা স্টেশনে ২৯ আগস্ট মাঝরাত থেকে ৩০ আগস্ট ভোর পর্যন্ত এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, ২৯ আগস্ট শনিবার এবং ৩০ আগস্ট রবিবারের মধ্যবর্তী রাতে মোট ৭ ঘণ্টা বা ৪২০ মিনিটের এই ট্রাফিক ব্লক কার্যকর হচ্ছে। ২৯ আগস্ট মধ্যরাত ১২টা থেকে ৩০ আগস্ট সকাল ৭টা পর্যন্ত এই ব্লক থাকবে। এই সময়ে শিয়ালদা স্টেশনের ডাউন মেইন লাইনে পয়েন্ট কনভার্সন এবং পুরোনো রেল ট্র্যাক বদলের কাজ করা হবে। ৫২ কেজি ডিএসএস ট্র্যাক বদলে সেখানে ভারী ৬০ কেজি ডিএসএস ট্র্যাক বসানোর কাজ চলবে। একই সঙ্গে ক্রসিং, গ্লুড জয়েন্ট এবং সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণের কাজও সম্পন্ন করা হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে কাজের জন্য সপ্তাহের শেষ ও গভীর রাতের সময়টিকে বেছে নেওয়া হয়েছে, যাতে দ্রুত স্বাভাবিক পরিষেবা ফেরানো যায়।
বাতিল লোকাল ট্রেনের তালিকা
এই ৭ ঘণ্টার রক্ষণাবেক্ষণ কাজের জেরে একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং একটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
-
আপ লাইন:
-
ভোর ৪:৪৫ মিনিটে ছাড়ার কথা থাকা ৩৩৬৫১ শিয়ালদা-হাবড়া লোকাল।
-
সকাল ৬:৪০ মিনিটে ছাড়ার কথা থাকা ৩৩৬৫৩ শিয়ালদা-হাবড়া লোকাল।
-
ভোর ৫:৩০ মিনিটে ছাড়ার কথা থাকা ৩১৩১৩ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল।
-
সকাল ৬:২০ মিনিটে ছাড়ার কথা থাকা ৩১৬১৫ শিয়ালদা-রানাঘাট লোকাল।
-
সকাল ৬:০৫ মিনিটে ছাড়ার কথা থাকা ৩২২১৭ শিয়ালদা-ডানকুনি লোকাল।
-
-
ডাউন লাইন:
-
সকাল ৬:৩৭ মিনিটে ছাড়ার কথা থাকা ৩৩৬৫২ হাবড়া-শিয়ালদা লোকাল।
-
সকাল ৮:৫৫ মিনিটে ছাড়ার কথা থাকা ৩৩৬৫৪ হাবড়া-শিয়ালদা লোকাল।
-
সকাল ৭:১০ মিনিটে ছাড়ার কথা থাকা ৩১৩১৬ কল্যাণী সীমান্ত-শিয়ালদা লোকাল।
-
সকাল ৮:৩৫ মিনিটে ছাড়ার কথা থাকা ৩১৬২০ রানাঘাট-শিয়ালদা গ্যালোপিং লোকাল।
-
সকাল ৭:০০ টায় ছাড়ার কথা থাকা ৩২২১৮ ডানকুনি-শিয়ালদা লোকাল।
-
এছাড়াও, লালগোলা থেকে ছেড়ে আসা ৫৩১৭২ শিয়ালদা লোকাল সম্পূর্ণ শিয়ালদা পর্যন্ত আসবে না। ট্রেনটি দমদম জংশন স্টেশনেই যাত্রাপথ শেষ করবে। যাত্রীদের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনের নির্ধারিত সময় দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।