সলমন-সইফ যুগ শেষ! ‘রেস ৪’-এ আমির খানের সঙ্গে আর কোন দুই সুপারস্টারের এন্ট্রি ঘিরে তোলপাড় বলিউড?

বলিউড বক্স অফিসে আলোড়ন ফেলতে ফের একবার ফিরছে জনপ্রিয় অ্যাকশন থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘রেস’। এই সিরিজের প্রথম দুটি পার্টে সইফ আলি খানকে দেখা গেলেও, তৃতীয় পার্টে তাঁর জায়গায় এসেছিলেন সলমন খান। তবে এবার ‘রেস ৪’ নিয়ে যে খবর সামনে আসছে, তাতে সলমন কিংবা সইফ— কাউকেই এই ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে না। বরং প্রধান চরিত্রে এন্ট্রি নিচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আর তাঁর সঙ্গেই জুড়তে চলেছে আরও দুই হ্যান্ডসাম হিরোর নাম।

আমির ছাড়াও থাকছেন সিদ্ধার্থ ও টাইগার?

পিঙ্কভিলার একটি রিপোর্ট অনুযায়ী, শুধু আমির খানই নন, এই ছবির স্ক্রিনপ্লে ও গল্প শুনেছেন তরুণ প্রজন্মের দুই জনপ্রিয় তারকা— সিদ্ধার্থ মালহোত্রা এবং টাইগার শ্রফ। তিনজনকেই ছবির প্রাথমিক আইডিয়া দারুণভাবে আকৃষ্ট করেছে। এমনকি আমির খান নিজেই চিত্রনাট্যকে আরও নিখুঁত করে তুলতে লেখকদের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। যদিও ছবিটির কাজ এখনও একেবারে প্রাথমিক স্তরে রয়েছে, তবে মেকারদের পরিকল্পনা সফল হলে এই তিন তারকাকে একই পর্দায় একসঙ্গে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

প্রি-প্রোডাকশনের কাজ শুরু

বলিউডের অন্দরমহলের খবর অনুযায়ী, প্রযোজক রমেশ তোরানি ইতিমধ্যেই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছেন। নির্মাতাদের উদ্দেশ্য স্পষ্ট— দর্শকের সামনে এমন এক দুর্দান্ত অ্যাকশন থ্রিলার পরিবেশন করা, যা এর আগে ভারতীয় সিনেমায় কখনো দেখা যায়নি।

পরিচালনায় কে?

ছবির পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে, আমির খানের সঙ্গে পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য (ভিক্টর) এই ছবির হাত ধরে আবার জুটি বাঁধতে পারেন। এর আগে ২০১৩ সালে ব্লকবাস্টার হিট ‘ধুম ৩’ পরিচালনা করেছিলেন তিনি, যা বিশ্বব্যাপী ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করা প্রথম ভারতীয় ছবির ইতিহাস গড়েছিল। এখন দেখার, ‘রেস ৪’-এর হাত ধরে বক্স অফিসে নতুন কী রেকর্ড তৈরি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *