“যব তক ম্যায় মরা নেহি, তব তক ম্যায় হারা নেহি!” ইডি-সিবিআইকে বুড়ো আঙুল দেখিয়ে হুঙ্কার অভিষেকের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং রাখিবন্ধন উৎসবের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যাথিড্রাল রোডের এই সমাবেশ থেকে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এর জেরে দিল্লির ‘জমিদারদের’ মাথা নত করতে বাধ্য হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই সকলকে রাখিবন্ধন ও প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে অভিষেক বলেন, বর্তমান সময়ে এমন এক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ এগোচ্ছে যেখানে ছাত্র আন্দোলনের জেরে গোটা দেশ কেঁপে উঠেছে। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, চুরি করে ও মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছিল যারা, আজ সেই দলকেই বাংলার মানুষ উচিত শিক্ষা দিচ্ছে। তাঁর সাফ কথা, বাংলায় গদি দখল করতে আসা শক্তিগুলির গদি এখন ছাত্র-যুব আন্দোলনের জেরে টলমল করছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে ছোঁয়ার স্পর্ধা নেই উল্লেখ করে অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে দেন, “বুকের পাটা থাকলে আগে ছাত্র-যুবদের সঙ্গে লড়ে দেখাও।” কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি বলেন, ইডি, সিবিআই থেকে শুরু করে সমস্ত পুলিশ প্রশাসনকে একসঙ্গে নামিয়ে দিলেও দল বা তাঁর নিজের মাথা নোয়ানো যাবে না। যতক্ষণ না তাঁর মৃতদেহে জোড়াফুলের পতাকা দেখা যাচ্ছে, ততক্ষণ তাঁর লড়াই থামবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ক্যামাক স্ট্রিটে তাঁর পার্টি অফিসের বিলবোর্ড অবৈধভাবে খোলার চেষ্টার তীব্র সমালোচনাও করেন তৃণমূলের এই শীর্ষ নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *