চৌদ্দ হাজার মামলার পাল্টা হুঙ্কার! সুপ্রিম কোর্ট ছাড়িয়ে লড়াই সোজা বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসক দলের ওপর নেমে আসা রাজনৈতিক চাপ ও আইনি লড়ায়ের প্রেক্ষিতে বিজেপিকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানান যে, প্রয়োজনে তিনি শুধু দেশের শীর্ষ আদালতেই নন, আন্তর্জাতিক বিচার আদালতেরও দ্বারস্থ হবেন।

এদিনের জনাকীর্ণ সমাবেশ থেকে ছাত্র-যুব সমাজকে রাজপথে নেমে আন্দোলন জোরদার করার আহ্বান জানান মমতা। তাঁর স্পষ্ট বার্তা, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে বা দমন করে রাখা যাবে না। বিগত দিনে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া প্রায় ১৪,০০০ মামলার তীব্র সমালোচনা করে তিনি বলেন, প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন সুপ্রিম কোর্টে এই আইনি লড়াই লড়ছেন, তিনিও শেষ পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সরকারের আসল মুখোশ উন্মোচিত হবে এবং কারা এর নেপথ্যে রয়েছে তা স্পষ্ট হয়ে যাবে।

এছাড়াও পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়ে মমতা সাফ জানিয়ে দেন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য বারবার আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যদি প্রশাসন সভা বা সমাবেশের অনুমতি না দেয়, তবে তিনি সরাসরি জনতার দরবারে গিয়ে গণঅনুমতি নেবেন। আগামী দিনে জেলায় জেলায় ঝটিকা সফর শুরু করার ঘোষণাও দেন তিনি। একইসঙ্গে দলের কর্মীদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, প্রয়োজনে জেল খেটে প্রতিবাদ করুন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবেন না।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *