বাবাকে তিলে তিলে মারার ষড়যন্ত্র চলছে! লর্ডস টেস্টের মাঝে পাক বোর্ডকে থ্রেট দিয়েও আটকাতে পারল না পিসিবি

বৃষ্টির কারণে লর্ডসে ইংল্যান্ড বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিন বল গড়াল মাত্র ৫৬ ওভার। নয় উইকেটে ২৪৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। তবে ম্যাচের স্কোর ছাপিয়ে মাঠের বাইরের একটি চাঞ্চল্যকর ঘটনা লর্ডস টেস্টকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ম্যাচটির ব্রডকাস্টার ‘স্কাই স্পোর্টস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ড বনাম পাকিস্তান সিরিজের সম্প্রচারকারী চ্যানেল স্কাই স্পোর্টস সম্প্রতি প্রাক্তন পাক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের দুই পুত্র সুলেমান এবং কাসিম খানের একটি সাক্ষাৎকার রেকর্ড করে। সংস্থার তরফে প্রাক্তন ইংরেজ ক্রিকেটার মাইকেল আথারটন সেই সাক্ষাৎকার পর্বটি পরিচালনা করেন। সেখানে জেলবন্দি বাবার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইমরানের দুই ছেলে। এমনকী পাক সরকার তাঁদের বাবাকে হত্যার চক্রান্ত করছে বলেও সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করেন দু’জনে।

লর্ডস টেস্টের প্রথম দিন মধ্যাহ্নভোজের বিরতিতে সাক্ষাৎকারটি সম্প্রচার হওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি জানাজানি হতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে তীব্র আপত্তি জানানো হয়। ক্রিকইনফো সূত্রে জানা যায়, পিসিবির পক্ষ থেকে স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে সাক্ষাৎকারটি সম্প্রচার থেকে বিরত থাকার জন্য কড়া চাপ সৃষ্টি করা হয়। এমনকি ব্রডকাস্টার কথা না শুনলে বিরতির পর পাক ক্রিকেটাররা মাঠে নাও ফিরতে পারেন বলে হুঁশিয়ারিও দেওয়া হয়।

যদিও পিসিবির এই হুমকি শেষ পর্যন্ত ধোপে টেকেনি। কিছুটা বিলম্বিত হলেও শেষ পর্যন্ত ইমরানের দুই পুত্রের ১৮ মিনিটের একটি বিস্ফোরক ক্লিপ সম্প্রচারিত হয়। তবে পাকিস্তানের রাষ্ট্রীয় চ্যানেল পিটিভি (PTV) নিজেদের এই সম্প্রচার থেকে সম্পূর্ণ বিরত রাখে। ক্রিকেটের মক্কা লর্ডসের প্রেস বক্সে বসে দেওয়া ওই সাক্ষাৎকারে কাসিম খান স্পষ্ট অভিযোগ করেন, সরকার তাঁদের বাবাকে প্রকাশ্যে হত্যা করতে চাইছে এবং জেলবন্দি রেখে তিলে-তিলে মেরে ফেলার চেষ্টা চলছে।

উল্লেখ্য, তোশাখানা মামলায় ১৪ বছরের কারাদণ্ড পাওয়ার পর ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান খান। এর আগে তাঁর পরিবারের পক্ষ থেকেও জেলে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে সম্প্রতি মাইকেল আথারটন সহ সমসাময়িক ২১ জন প্রখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে ইমরানের উপযুক্ত চিকিৎসার দাবি জানিয়েছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে সংক্ষিপ্ত পরীক্ষার জন্য হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল।

এদিকে, লর্ডস টেস্টে ম্যাচ বয়কটের ফাঁকা হুমকি দিলেও সাক্ষাৎকার পর্ব সম্প্রচারিত হওয়ার পর বাবর আজম অ্যান্ড কোং নির্ধারিত নিয়ম মেনেই দ্বিতীয় সেশনে মাঠে নেমে খেলা চালিয়ে যায়। মাঠের ক্রিকেটের বাইরে এই রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার জেরে লর্ডস টেস্টের প্রথমার্ধ ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *