পুজো মণ্ডপে আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ হোক! বিশ্ব হিন্দু পরিষদের দাবিতে চরম বিতর্ক, পুজো কমিটিগুলিকে কড়া বার্তা

বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানেই কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া আর চুটিয়ে ঘোরাঘুরি। কিন্তু আসন্ন পুজোয় বাঙালির এই চিরাচরিত ফুড হ্যাবিট এবং সংস্কৃতির ওপর বড়সড় কাঁচি চালানোর দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। সংগঠনের পক্ষ থেকে সরাসরি আবেদন জানানো হয়েছে যে, দুর্গাপুজোর মণ্ডপ চত্বর এবং তার সংলগ্ন এলাকায় যেন কোনোভাবেই আমিষ খাবার বিক্রি বা পরিবেশন করা না হয়।
বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা কাউন্সিলের সদস্য নির্গুণানন্দ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁরা পুরোপুরি আমিষ নিষিদ্ধ করার কথা বলছেন না, তবে প্রতিমার পবিত্রতা বজায় রাখার জন্য মণ্ডপের আশেপাশে মাছ, মাংস বা ডিমের মতো আমিষ খাবারের ব্যবস্থা রাখা উচিত নয়। যদি আমিষ খাবার বিক্রি করতেই হয়, তবে তা মণ্ডপ থেকে যথেষ্ট দূরে কোনো নির্দিষ্ট স্থানে করা যেতে পারে, যাতে তার অবশিষ্টাংশ বা গন্ধ পবিত্র চত্বরে না আসে। পুজো কমিটিগুলিকেই এই পবিত্রতা রক্ষায় এগিয়ে আসার আর্জি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় পুজো কমিটিগুলি ব্যবস্থা না নিলে বিশ্ব হিন্দু পরিষদ নিজে থেকেই এতে ‘হস্তক্ষেপ’ করতে বাধ্য হবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে।
পাশাপাশি, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই জনপ্রিয় প্রথাগত স্লোগানটিকেও তীব্র আক্রমণের মুখে ফেলেছেন ভিএইচপি নেতা। তাঁর মতে, হিন্দু সংস্কৃতি ও ধর্মীয় আবেগ পালনের দায়িত্ব পুরোপুরি সনাতনীদেরই। যদিও অন্য ধর্মের মানুষরা পুজো মণ্ডপে অতিথি হিসেবে আসতেই পারেন, তবে হিন্দু রীতিনীতি ও পবিত্রতা রক্ষার দায়িত্ব শুধু হিন্দুদেরই পালন করা উচিত। উৎসবের মরসুমের দোরগোড়ায় দাঁড়িয়ে বিশ্ব হিন্দু পরিষদের এই বিতর্কিত ও কড়া দাবি ঘিরে বাংলার রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিবাদের ঝড় উঠতে শুরু করেছে।