মারকাটারি লুক আর হাইব্রিড ইঞ্জিনের জাদু! হুন্ডাই ক্রেটার এই নতুন রূপ দেখলে বুক ধকপক করবে

ভারতীয় বাজারের অন্যতম জনপ্রিয় মিড-সাইজ এসইউভি হুন্ডাই ক্রেটা এবার এক্কেবারে নতুন অবতারে আসার প্রস্তুতি নিচ্ছে। সংস্থা সূত্রে খবর, আগামী ২০২৭ সালে ভারতীয় বাজারে পা রাখতে চলেছে এই নেক্সট-জেনারেশন এসইউভি। বিদেশে ইতিমধ্যে নতুন ক্রেটার টেস্ট রান শুরু হয়ে গিয়েছে। ডিজাইন থেকে শুরু করে কেবিন এবং ইঞ্জিন প্রযুক্তিতে এক বিরাট বদল আনতে চলেছে হুন্ডাই, যা মিড-সাইজ এসইউভি বাজারে ঝড় তুলতে প্রস্তুত।

ডিজাইন ও কেবিনে বড় চমক
স্পাই শট অনুযায়ী, নতুন ক্রেটার লুকে থাকছে আধুনিকতার ছোঁয়া। সামনের ও পেছনের বাম্পারে আসছে বড় পরিবর্তন। বদলে যাচ্ছে হেডল্যাম্প ও টেইলল্যাম্পের ডিজাইন। নতুন অ্যালয় হুইল এবং আপডেটেড ওআরভিএম গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। শুধু বাইরেই নয়, কেবিনের অন্দরেও আসছে বিরাট বিপ্লব। সম্পূর্ণ নতুন ড্যাশবোর্ড, আপডেটেড ফ্রন্ট সিট এবং প্রিমিয়াম আপহোলস্ট্রির পাশাপাশি থাকছে কার্ভড স্ক্রিন সেটআপ। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য বস মোডের মতো আধুনিক ফিচারও যোগ করা হতে পারে। সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে হুন্ডাইয়ের নতুন ‘প্লিওস টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম’, যা ভারতে প্রথমবার ব্যবহার করা হবে।

প্রথমবার হাইব্রিড ইঞ্জিনের অপশন
ইঞ্জিনের ক্ষেত্রে সবচেয়ে বড় চমক হিসেবে থাকতে পারে হাইব্রিড পাওয়ারট্রেন। শহরের রাস্তায় আরও ভালো মাইলেজ এবং কম জ্বালানি খরচের কথা মাথায় রেখেই এই নতুন প্রযুক্তি আনা হচ্ছে। নতুন ডিজাইনের এই বৈশিষ্ট্যগুলি ক্রেটার আসন্ন ইলেকট্রিক সংস্করণেও দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। মিড-সাইজ সেগমেন্টে নিসান টেকটন এবং টাটা সিয়েরা-র মতো গাড়িগুলিকে কড়া টক্কর দিতেই এই প্রস্তুতি।

আসছে নতুন গ্র্যান্ড আই১০ নিওস
শুধু ক্রেটাই নয়, হুন্ডাই তাদের জনপ্রিয় হ্যাচব্যাক গ্র্যান্ড আই১০ নিওসের নতুন প্রজন্মকেও বাজারে আনার কাজ চালাচ্ছ। বর্তমান মডেলের তুলনায় নতুন গাড়িটি আকারে বড় হবে এবং এক্সটারের মতো আধুনিক ফিচারে সাজানো থাকবে। সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে সিএনজি এবং এএমটি-র যুগলবন্দি। বাজারে সিএনজি গাড়িতে অটোমেটিক গিয়ারবক্সের চাহিদা মাথায় রেখে এই বিশেষ কম্বিনেশন আনতে চলেছে সংস্থা, যা আগামী দিনে গেমচেঞ্জার প্রমাণিত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *