টি-শার্ট বা রুমাল দিয়ে চশমা মুছছেন? অজান্তেই কোন মারাত্মক ক্ষতি করছেন জানেন কি?

চশমার কাচ একটু ঘোলাটে হলেই চারপাশের সবকিছু কেমন ধোঁয়াশা দেখতে লাগে। আর ঠিক সেই সময়েই হয়তো হাতের কাছে থাকা টি-শার্টের কোণা, শাড়ির আঁচল কিংবা পকেটের রুমাল টেনে নিয়ে কাচের ওপর জোরদার ঘষাঘষি শুরু করে দেন! আর ভাবেন কাচ পরিষ্কার হয়ে গেল, তাই তো? তবে জানেন কী, এই ছোট্ট ভুলেই কিন্তু আপনি নিজের সাধের চশমাটির বারোটা বাজাচ্ছেন। কাপড়ে লুকিয়ে থাকা সূক্ষ্ম ধুলোবালির ঘষা লেগে লেন্সের ওপর এমন দাগ বসে যায়, যা পরে চোখের ক্ষতি তো করেই, দেখতেও অসুবিধা হয়। দোকানের দামী ক্লিনার না কিনেও ঘরের খুব সাধারণ জিনিস দিয়েই চশমা নতুনের মতো ঝকঝকে করা সম্ভব।

যে নিয়মগুলি মেনে চলবেন:

হাত ধুয়ে নিন: চশমা পরিষ্কার করার আগে নিজের হাত সাবান-জল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। না হলে হাতের তেল, ঘাম বা ক্রিম চশমার কাচে লেগে দাগ আরও বাড়িয়ে দেবে।

শুকনো কাপড়ে ঘষাঘষি বন্ধ করুন: রাস্তায় বেরিয়ে চশমায় ধুলো জমলে কখনই শুকনো কাপড় দিয়ে ঘষবেন না। আগে সাধারণ পরিষ্কার জলের ধারায় চশমাটি ভালো করে ধুয়ে নিন। এতে আলগা ধুলোবালি সহজেই জলের সঙ্গে ধুয়ে যাবে এবং কাচে কোনও আঁচড় পড়বে না।

বাসন মাজার তরল সাবান ব্যবহার: আঙুলের তেলচিটে ছাপ দূর করতে সামান্য এক ফোঁটা সাধারণ তরল ডিশ ওয়াশ ব্যবহার করতে পারেন। আঙুল দিয়ে কাচের দুই পিঠে ও ফ্রেমের খাঁজে আলতো করে লাগিয়ে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন সাবানটিতে যেন অতিরিক্ত সুগন্ধি বা ময়েশ্চারাইজার না থাকে।

মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছুন: জল ঝরিয়ে চশমার বক্সের সঙ্গে পাওয়া নরম মাইক্রোফাইবারের কাপড়টি দিয়ে আলতো হাতে মুছে নিন। তবে সেই কাপড়টিও মাঝে মাঝে পরিষ্কার জলে ধুয়ে শুকিয়ে রাখবেন, না হলে কাপড়ে জমে থাকা ময়লাই আবার কাচে লেপ্টে যাবে।

টুথপেস্ট ব্যবহারে সতর্ক থাকুন: ইন্টারনেটের ভিডিও দেখে চশমার দাগ তুলতে ভুলেও টুথপেস্ট বা বেকিং সোডা ব্যবহার করবেন না। এগুলো লেন্সের কোটিং পুরোপুরি নষ্ট করে দেয়। লেন্সে যদি গভীর আঁচড় পড়ে যায়, তবে চশমার দোকানে গিয়ে লেন্স বদলে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।

এছাড়াও চশমা খুলে রাখার সময় কাচের দিকটি কখনও টেবিলের দিকে নামিয়ে রাখবেন না। এই সামান্য কটি নিয়ম মানলেই চশমার কাচ থাকবে সবসময় পরিষ্কার, আর চারপাশটাও দেখতে পাবেন একদম ঝকঝকে ও স্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *