৮০৪ কোটি টাকা ফ্রিজ! নতুন অ্যাকাউন্ট খোলার অনুমতি চেয়েও আদালতের মুখে পুড়ল ‘কালীঘাট তৃণমূল’

অতিরিক্ত ৪টি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ‘কালীঘাট তৃণমূল’। তবে তাদের সেই আর্জি সরাসরি খারিজ করে দিয়েছে আদালত। গত ৭ জুলাই ইন্ডিয়ান ব্যাঙ্কের চারটি অ্যাকাউন্ট ফ্রিজ করার পর থেকেই আর্থিক লেনদেন নিয়ে এই আইনি টানাপোড়েন শুরু হয়েছে।
এদিন আদালতে কালীঘাট তৃণমূলের তরফে যুক্তি দেওয়া হয় যে, একটি রাজনৈতিক দলের পরিচালনার ক্ষেত্রে কর্মী-কর্মচারীদের বেতন ও বাড়িভাড়া মেটানো ছাড়াও বহু আনুষঙ্গিক খরচ থাকে। সেই কারণেই নতুন অ্যাকাউন্ট খোলার অনুমতি চাওয়া হয়েছিল। তাদের দাবি অনুযায়ী, বর্তমানে তাদের মোট ৮০৪ কোটি টাকা ফ্রিজ করে রাখা হয়েছে। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছেন যে, এখনই নতুন অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দিলে আদালতের আগের নির্দেশ গুরুত্ব হারাবে। প্রসঙ্গত, এর আগে শর্তসাপেক্ষে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দিয়েছিল আদালত।
অন্যদিকে, এই মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য পেশ করা হয়েছে। রাজ্যের দাবি, অভিযুক্ত অ্যাকাউন্টগুলি থেকেই প্রায় ৩০ কোটি টাকা বিতর্কিত সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছিল। পাশাপাশি আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য জানিয়েছে যে, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে শুধুমাত্র সুমিত রায় নগদে ৭ কোটি টাকা এবং দেবরাজ চক্রবর্তী নিজে ১০ কোটি টাকা নগদে জমা করেছিলেন। এই সমস্ত নগদ জমার উৎসের ওপর পূর্ণাঙ্গ নজরদারির দাবি জানিয়েছে রাজ্য।