ক্রিকেট বিশ্বে ফের এক যুগ শুরু! জাতীয় দলে এন্ট্রি নিল দুই কিংবদন্তির পরবর্তী প্রজন্ম!

ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়! অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেহওয়াগের ছেলেরা
ক্রিকেট মাঠে একসময় কাঁধে কাঁধ মিলিয়ে বহু ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেহওয়াগ। এবার সেই দুই কিংবদন্তির রক্ত ও প্রতিভা বহন করে ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে পা রাখতে চলেছে পরবর্তী প্রজন্ম। ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সেহওয়াগপুত্র আর্যবীর সেহওয়াগ এবং দ্রাবিড়পুত্র অন্বয় দ্রাবিড়। আগামী সেপ্টেম্বর মাসে রাজকোট ও আমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে এই দুই তরুণ তুর্কি কেমন পারফর্ম করেন, এখন সেটাই দেখার।
বাবাদের ছাপিয়ে যাওয়ার পালা: প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর ইতিমধ্যেই বয়সভিত্তিক ক্রিকেটে নিজের বিস্ফোরক ব্যাটিংয়ের ঝলক দেখিয়েছেন। কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে ৩০৯ বলে ২৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি নজর কেড়েছেন ক্রিকেট মহলের। অন্যদিকে, ভারতের সাবেক অধিনায়ক তথা কোচ রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় দ্রাবিড় একজন উইকেটকিপার-ব্যাটার। ঘরোয়া ক্রিকেট এবং শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে অতীতে তাঁর দায়িত্বশীল ও লড়াকু ইনিংস তাঁকে জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে দিতে বড় ভূমিকা রেখেছে।
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ওয়ান ডে এবং মাল্টি-ডে সিরিজে এই দুই তারকার পারফরম্যান্স দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।