৬৭ বছর বয়সেও মেদ নেই শরীরে, জেনেনিন খাবার তালিকায় কী কী থাকে সঞ্জয় দত্তের?

বলিউডে ফিটনেস সচেতনতার কথা উঠলে সাধারণত তরুণ প্রজন্মের অভিনেতাদের নামই আগে উঠে আসে। ভিকি কৌশল থেকে শুরু করে মিলিন্দ সোমান— শরীরচর্চায় প্রত্যেকেই একে অপরকে কড়া টক্কর দেন। তবে এই ইঁদুরদৌড় থেকে সম্পূর্ণ দূরে থেকেও ৬৭ বছর বয়সে দুর্দান্ত ফিটনেস বজায় রেখে সকলকে তাক লাগিয়ে দিচ্ছেন সঞ্জয় দত্ত। শরীরে একবিন্দু বাড়তি মেদ নেই, বরং নিয়মমাফিক জীবনযাপন ও খাওয়াদাওয়ার সুবাদেই আজো তারুণ্য ধরে রেখেছেন তিনি। বিশেষ করে ২০২০ সালে ক্যানসারকে সফলভাবে জয় করার পর থেকেই নিজের স্বাস্থ্য নিয়ে আরও অনেক বেশি সতর্ক হয়ে গেছেন ‘সঞ্জু বাবা’। সোশ্যাল মিডিয়ায় তাঁর কসরতের ছবি ও ভিডিও প্রায়শই অনুরাগীদের নজর কাড়ে। কিন্তু এই বয়সেও এমন দুর্দান্ত ফিটনেসের নেপথ্যে তাঁর প্রতিদিনের ডায়েট ঠিক কেমন?
সঞ্জয় দত্তের প্রতিদিনের ডায়েট ও খাওয়াদাওয়ার নিয়ম
এক সাক্ষাৎকারে নিজের খাদ্যতালিকা নিয়ে মুখ খুলেছিলেন খোদ অভিনেতা। তিনি জানিয়েছিলেন, একসঙ্গে পেট ভরে বেশি খাবার খাওয়ার চেয়ে দিনে অন্তত ছ’বার অল্প অল্প করে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে তাঁর। এর মধ্যে তিনবেলা ভারী খাবার এবং বাকি তিনবার হালকা খাবার খান তিনি। শরীরচর্চার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখেই এই ডায়েট মেনে চলেন সঞ্জয়।
-
সকালের প্রাতরাশ: অভিনেতার দিন শুরু হয় এক বাটি মুজ়লি দিয়ে। এর সঙ্গে তাঁর পাতে থাকে ডিমের সাদা অংশ এবং পুষ্টিগুণে ভরপুর অ্যাভোকাডো।
-
দুপুরের ও রাতের খাবার: লাঞ্চ ও ডিনারে তেল, ঝাল এবং মশলাহীন সিদ্ধ করা মুরগির মাংস বা বয়েল্ড চিকেন খেতে পছন্দ করেন তিনি।
-
দুপুরের স্ন্যাক্স: ব্রেকফাস্ট ও লাঞ্চের মাঝের সময়টায় বিভিন্ন ধরনের ফল ও সব্জি দিয়ে তৈরি স্যালাড খান সঞ্জয়।
তবে একঘেয়ে ডায়েট নয়, মাঝেমাঝেই নিজের পছন্দের খাবার খেতে ভালোবাসেন অভিনেতা। সুযোগ পেলেই ঘরোয়া বিরিয়ানি ও কাবাবের পাশাপাশি ডাল, পালং পনির কিংবা বিখ্যাত রোগান জোশের মতো সুস্বাদু পদ খেতে ও রান্না করতে পছন্দ করেন তিনি।
এই ডায়েট কি সকলের জন্য উপযোগী?
বিশেষজ্ঞদের মতে, বারবার অল্প করে খাবার খেলেই যে মেটাবলিজম বাড়ে বা ওজন কমে, এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবে যাঁরা নিয়মিত অত্যন্ত কঠোর পরিশ্রম বা ভারী শরীরচর্চা করেন, তাঁদের শরীরে প্রয়োজনীয় শক্তি জোগাতে এই ধরনের ডায়েট দারুণ কার্যকরী। সবচেয়ে বড় কথা হলো, দিনে কতবার খাচ্ছেন তার চেয়েও জরুরি হলো পাতে সব ধরনের পুষ্টি উপাদান ঠিকঠাক রয়েছে কিনা। সঞ্জয় দত্তের ডায়েটে প্রোটিন, হেলদি ফ্যাট এবং পর্যাপ্ত ক্যালোরির সঠিক ভারসাম্য রয়েছে।
তা সত্ত্বেও চিকিৎসকদের পরামর্শ, প্রতিটি মানুষের বয়স, শারীরিক গঠন এবং জীবনযাত্রা আলাদা হয়। তাই অন্ধভাবে কারও ডায়েট অনুসরণ না করে নিজের শরীর ও স্বাস্থ্য অনুযায়ী পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।