এশিয়ান কাপের টিকিট পাকা করতে মাঠে নামছে ব্লু কোল্টস! কবে, কার বিরুদ্ধে ম্যাচ ভারতের?

এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের লড়াই! ২৩ জনের শক্তিশালী দল ঘোষণা ভারতের হেড কোচ মহেশ গাওলির
এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছানোর কঠিন লক্ষ্যে এবার দল ঘোষণা করল ভারত। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত হতে চলা ‘AFC U20 এশিয়ান কাপ চায়না ২০২৭’-এর কোয়ালিফায়ার ম্যাচগুলির জন্য ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করলেন প্রধান কোচ মহেশ গাওলি। আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে চলা এই মেগা টুর্নামেন্টে ভারতের যুব দল খেলবে সিরিয়া, উজবেকিস্তান এবং বাংলাদেশের মতো কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে।
স্কোয়াড বদল ও প্রস্তুতি পর্ব: এর আগে সিঙ্গাপুর সফরের জন্য ৩০ জনের একটি প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল। সেখান থেকে চোট ও টেকনিক্যাল কারণে আটজন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া ফুটবলারদের তালিকায় রয়েছেন শুহেইদ কোয়া থাঙ্গাল পিএস, আরশভির সিং, আশিক অধিকারী, দাল্লামুওন গাংতে, লেভিস জাংমিনলুন, অগস্ত্য ভাট, নিরুপম গৌড়া এইচ এবং ইয়োহান বেঞ্জামিন। অন্যদিকে, দলে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন ড্যানিয়াল মাকাকমায়ুম। উল্লেখ্য, গত জুন মাস থেকে বেঙ্গালুরুতে চলা দীর্ঘ ট্রায়ালে ১০০ জনেরও বেশি খেলোয়াড়কে যাচাই করে এই সেরা ২৩ জনকে বেছে নেওয়া হয়েছে। টুর্নামেন্টের আগে গাওলির ছেলেরা সিঙ্গাপুর ও ইয়েমেনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরম্যান্স করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে।
ভারতের ম্যাচের সম্পূর্ণ সূচি: “ব্লু কোল্টস” নামে পরিচিত ভারতের অনূর্ধ্ব-২০ দল ইতিমধ্যেই তাসখন্দে পৌঁছে গেছে। গ্রুপ পর্বের ম্যাচগুলির সূচি নিচে দেওয়া হলো:
-
৩১ আগস্ট: সিরিয়া বনাম ভারত (বিকেল ৪:৩০)
-
৩ সেপ্টেম্বর: ভারত বনাম উজবেকিস্তান (সন্ধে ৭:৩০)
-
৬ সেপ্টেম্বর: ভারত বনাম বাংলাদেশ (বিকেল ৪:৩০)
-
ভেন্যু: দোস্তলিক স্টেডিয়াম, তাসখন্দ।
নিয়ম অনুযায়ী, আটটি গ্রুপের প্রতিটি গ্রুপের সেরা দল এবং সেরা সাতটি রানার্স-আপ দল সরাসরি মূল পর্বে খেলার টিকিট পাবে। এখন দেখার, মহেশ গাওলির এই তরুণ ব্রিগেড দেশের হয়ে ইতিহাস গড়তে পারে কি না!