আমেরিকাকে গোপন তথ্য ফাঁস করেছিল কে? ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মুখ খুলে পাকিস্তানকে তুলোধোনা প্রাক্তন সিডিএস-এর!

অপারেশন সিঁদুরে ইতি! আমেরিকাকে তথ্য ফাঁস নিয়ে পাকিস্তানকে দুষে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন সেনা কর্তার

‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই মার্কিন প্রেসিডেন্টের তরফে একাধিকবার দাবি করা হয়েছে যে, তাঁর মধ্যস্থতার কারণেই নাকি ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাত বন্ধ হয়েছে। তবে আমেরিকার সেই দাবিকে সরাসরি খারিজ করে দিয়ে আগেই জানানো হয়েছিল যে, দুই দেশের ডিজিএমও (DGMO)-দের পারস্পরিক আলোচনার মাধ্যমেই সংঘর্ষবিরতি কার্যকর হয়েছিল। আর এবার এই বিষয়ে মুখ খুলে পাকিস্তানকে চরম আক্রমণ শানালেন দেশের প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান।

দিল্লির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সিডিএস স্পষ্ট ভাষায় জানান, দু’দেশের শীর্ষ সামরিক স্তরের আলোচনা ছাড়া অন্য কারও এখানে কোনো ভূমিকা ছিল না। ভারত ও পাকিস্তান আনুষ্ঠানিক ঘোষণা করার আগেই মার্কিন মুলুক কীভাবে সংঘর্ষবিরতির কথা জানতে পারল, তা নিয়ে তিনি বড় প্রশ্ন তোলেন। তাঁর সাফ কথা, ভারত বা সেনার পক্ষ থেকে কোনও গোপন তথ্য ফাঁস হয়নি; উলটোদিকে সীমান্তে থাকা পক্ষটিই (পাকিস্থান) আমেরিকাকে সমস্ত গোপন তথ্য সরবরাহ করেছিল।

পাশাপাশি, চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলার পর ২৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া সেই উচ্চপর্যায়ের গোপন বৈঠকের নেপথ্য কাহিনীরও উল্লেখ করেন জেনারেল চৌহান। তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী সাফ নির্দেশ দিয়েছিলেন যে প্রতি-আক্রমণ এমন হওয়া উচিত যা পাকিস্তানের কল্পনারও অতীত। এমনকি সামরিক বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, “আমার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই। আপনারা নিজেদের সময়মতো প্রতি-আক্রমণ করুন, তবে অপারেশন যেন কোনোভাবেই ব্যর্থ না হয়।” দেশের নিরাপত্তা ও সেনা অভিযানের অন্দরমহলের এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *