আইপিএলের আগেই কি রাজস্থান ছাড়ছেন যশস্বী জয়েসওয়াল? বিস্ফোরক জল্পনায় শোরগোল পডল ক্রিকেট মহলে!

আইপিএলের আগেই রাজস্থান ছাড়বেন যশস্বী? কী জানাল ফ্র্যাঞ্চাইজি?
আসন্ন আইপিএল শুরু হওয়ার আগেই কি দল বদলাতে চলেছেন ভারতের তারকা ওপেনার যশস্বী জয়েসওয়াল? ক্রিকেট মহলে এই জল্পনা এখন তুঙ্গে। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছে যে, হার্দিক পান্ডিয়ার সঙ্গে ট্রেড হতে পারে যশস্বীর। তবে এই গুঞ্জনের মাঝেই মুখ খুলেছে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, যশস্বীর দল ছাড়ার বিষয়ে তাঁদের কাছে কোনো অফিসিয়াল তথ্য নেই।
রাজস্থান রয়্যালসের এক দায়িত্বশীল কর্তা সাফ জানিয়েছেন, “ফ্র্যাঞ্চাইজি ছাড়ার বিষয়ে যশস্বী আমাদের কিছু জানায়নি। আমরা ওকে ধরেই আগামী মরশুমের পরিকল্পনা করছি। আমাদের কানে কিছু রটনা এসেছে ঠিকই, কিন্তু এখনও জয়েসওয়াল আমাদেরই প্লেয়ার। ও নিজে থেকে আমাদের কিছু জানায়নি।”
ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, দলে বৈভব সূর্যবংশীর মতো উদীয়মান তারকার উত্থানের কারণেই নাকি ফ্র্যাঞ্চাইজি ছাড়তে আগ্রহী হয়ে উঠেছেন যশস্বী। অন্যদিকে, হার্দিক পান্ডিয়াকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। কেকেআর এবং চেন্নাই সুপার কিংসের পাশাপাশি রেসের তালিকায় নাম রয়েছে রাজস্থানেরও। যদি হার্দিক মুম্বই ইন্ডিয়ান্স ছাড়েন, তবে তাঁর জায়গায় বড় কোনো মুখের খোঁজে থাকবে দলগুলি। আর সেই কারণেই হার্দিকের সঙ্গে যশস্বীর ট্রেড হওয়ার গুঞ্জন জোরালো হয়েছে। তবে রাজস্থান কর্তৃপক্ষের এই বিবৃতির পর আপাতত সমস্ত জল্পনার জল কোথায় গড়ায়, সেটাই এখন দেখার।