দাঁড়াশ ভেবে ভুল! বিষধর কালাচকে ঘরে দুধ-কলা খাইয়ে পুজো, মালিক যা করলেন শুনলে শিউরে উঠবেন

বিষধর কালাচ সাপ ঘরের ভিতরে ঢুকে পড়লেও তা বুঝতে পারেননি বাড়ির মালিক। বরং সেটিকে নিরীহ দাঁড়াশ সাপ ও মা মনসার আশীর্বাদ মনে করে দুধ, কলা ও ফুল দিয়ে পুজো করে একেবারে নিরাপদে সেই ঘরেই রাত কাটিয়ে দিলেন গৃহকর্তা! সকালে প্রতিবেশীদের নজরে আসতেই জানাজানি হয় আসল সত্যি। এরপর এক সর্পপ্রেমী এসে সাপটিকে শনাক্ত করতেই গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের মাগুরমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়।

আসলে কী ঘটেছিল?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণগোপাল সরকার নামের এক ব্যক্তির বাড়িতে আচমকাই একটি সাপ ঢুকে পড়ে। সাপটিকে দাঁড়াশ ভেবে কোনো রকম ভয় না পেয়ে সেটিকে মা মনসার কৃপা বলে মনে করেন তিনি। এরপর ঘরের মধ্যেই দুধ, কলা ও ফুল দিয়ে পুজো শুরু করেন ওই ব্যক্তি। এমনকী, অত্যন্ত বিষাক্ত সাপটি ঘরের কোণেই কুণ্ডলী পাকিয়ে বসে থাকা সত্ত্বেও সেই ঘরেই নিশ্চিন্তে রাত কাটান তিনি।

পরদিন সকালে প্রতিবেশীরা বাড়িতে এসে সাপটি দেখতে পান। প্রথমে তাঁদের অনেকেও মনে করেছিলেন যে বাড়িতে বুঝি স্বয়ং মা মনসা আশ্রয় নিয়েছেন। কিন্তু কয়েকজনের সন্দেহ হওয়ায় স্থানীয় পরিবেশপ্রেমী ও সর্পপ্রেমীদের খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন সর্পপ্রেমী যুবক ভজন সাহা।

উদ্ধার হতেই চোখ কপালে উঠল সবার
ঘরে প্রবেশ করতেই ভজনবাবুর চোখ কার্যত কপালে ওঠে। যে সাপটিকে গৃহকর্তা নিরীহ দাঁড়াশ ভেবে পুজো করছিলেন, সেটি আদতে অত্যন্ত বিষধর কালাচ সাপ (Common Krait)! ঠাকুরের আসনের ঠিক পাশেই কুণ্ডলী পাকিয়ে বসে ছিল সাপটি। তার সামনে তখনো রাখা ছিল পূজোর অর্ঘ্য—দুধ, কলা ও ফুল।

বিষয়টি জানার পরেই তীব্র আতঙ্কে ভেঙে পড়েন বাড়ির মালিক কৃষ্ণগোপাল বাবু। তিনি বুঝতে পারেন, সামান্য ভুলের জন্য কতটা বড় বিপদের মুখোমুখি হয়েছিলেন তিনি। এত কাছ থেকে ওই বিষধর সাপটি যদি কোনোভাবে ছোবল মারত, তবে নিশ্চিত বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত।

পরে সর্পপ্রেমী ভজন সাহা অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রায় সাড়ে চার ফুট দীর্ঘ সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। এরপর সেটিকে উপযুক্ত জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সাপটি উদ্ধার হওয়ার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দারা।

বিশেষ সতর্কতা
ঘটনার পর সর্পপ্রেমী ভজন সাহা স্থানীয়দের সতর্ক করে জানান, বর্ষার এই সময়ে বিষধর সাপগুলি প্রায়শই নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে বা মানুষের ঘরের ভেতরে ঢুকে পড়ে। তাই রাতে চলাফেরার সময় অবশ্যই টর্চ বা পর্যাপ্ত আলো ব্যবহার করা উচিত। পাশাপাশি, ঘুমাতে যাওয়ার আগে বিছানা এবং ঘরের অন্ধকার কোণ ভালোভাবে দেখে ও ঝেড়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *