সোনার বাজারে ফের আগুন! পুজোর আগে হু হু করে চড়ল দাম, পকেট ফাঁকা হওয়ার জোগাড় মধ্যবিত্তের

সোনার বাজারে লাগাতার ওঠানামা লেগেই রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় বাংলার বাজারে সোনার দাম যেভাবে উপরের দিকে ছুটছে, তাতে সাধারণ মানুষের কপালে চিন্তার বড় ভাঁজ পড়েছে। সপ্তাহের শুরুতেই সোনার দামে বড়সড় লাফ দেখা গেল, যার সরাসরি প্রভাব পড়ছে মধ্যবিত্তের সাধ ও সাধ্যের ওপর। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই সময়ে নতুন গহনা কেনার পরিকল্পনা বা সোনাকে ভবিষ্যতের নিরাপদ সঞ্চয় হিসেবে বেছে নেওয়ার প্রবণতা এ রাজ্যে বরাবরই বেশি থাকে। কিন্তু বর্তমান বাজারের যে পরিস্থিতি, তাতে গহনা কেনার ইচ্ছা থাকলেও পকেট ফাঁকা হওয়ার জোগাড় হয়েছে সাধারণ ক্রেতাদের।
বাজারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম প্রতি গ্রাম ১৫,৫০০ টাকায় দাঁড়িয়েছে। সেই হিসেবে ১০ গ্রাম ২২ ক্যারেট পাকা সোনার দাম হয়েছে ১,৫৫,০০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট পাকা সোনার ১ গ্রামের দাম ১৬,৩১০ টাকা এবং ১০ গ্রাম পাকা সোনার দাম পৌঁছে গিয়েছে ১,৬৩,১০০ টাকায়। এছাড়া ২৪ ক্যারেট পাকা সোনার বাটের ক্ষেত্রে ১ গ্রামের দাম ১৬,২২৫ টাকা এবং ১০ গ্রামের বাটের দাম ১,৬২,২৫০ টাকা ধার্য করা হয়েছে।
শুধু সোনাই নয়, রুপোর বাজারেও এর আঁচ স্পষ্ট। ১০০ গ্রাম খুচরো রুপো কিনতে খরচ করতে হবে ২৪,৬৮৫ টাকা এবং ১ কেজি খুচরো রুপোর দাম ২৪৬,৮৫০ টাকায় ঠেকেছে। পাশাপাশি, ১০০ গ্রাম রুপোর বাটের দাম ২৪,৬৭৫ টাকা এবং ১ কেজি রুপোর বাটের দাম ২৪৬,৭৫০ টাকা রয়েছে।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে আগামী দিনেও সোনা ও রূপোর দামে এই অস্থিরতা বজায় থাকবে। যারা এর আগে সোনা কিনে রেখেছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। তবে বর্তমান বাজারে দাঁড়িয়ে নতুন করে সোনা কিনতে গেলে সাধারণ ক্রেতাদের পকেটে যে বাড়তি আর্থিক চাপ তৈরি হবে, তা বলাই বাহুল্য।