নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় ভাসবে রাজ্য! সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া?

রাজ্যে বর্ষার রেশ কাটতে না কাটতেই ফের একবার বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। আজ সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলে একটি নিম্নচাপ অবস্থান করছে এবং তার সঙ্গে মৌসুমী অক্ষরেখার প্রভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই রেহাই মিলছে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি
আজ সোমবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে মূলত ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। এছাড়া মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবারও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া— এই সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া আপডেট
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।