ফোনের আওয়াজ কি একেবারে কমে গেছে? মেকানিকের কাছে যাওয়ার আগে ঘরেই করুন এই ছোট্ট কাজ!

স্মার্টফোনের স্পিকার কি আজকাল খুব ফ্যাঁসফেঁসে আওয়াজ করছে? পছন্দের গানটা পুরো ভলিউমে দিলেও মনে হচ্ছে যেন দূর থেকে আওয়াজ আসছে? এমন সমস্যা দেখা দিলে তাড়াহুড়ো করে মেকানিকের কাছে ছোটাকার কথা ভাবার আগে একটু থমকে দাঁড়ানো দরকার। কারণ আপনার ফোনটি হয়তো একদম ঠিকই আছে, আসল গোলমাল লুকিয়ে থাকতে পারে পকেট বা ব্যাগের ধুলোবালির মধ্যে! সারাদিন আমাদের সঙ্গে ঘুরতে ঘুরতে স্পিকারের ছোট্ট জালির মধ্যে প্রচুর ধুলো জমে যায়, যার ফলে ফোনের আওয়াজ কমে যায় বা অস্পষ্ট শোনাতে পারে। তবে সামান্য কিছু সতর্কতা মেনে ঘরে বসেই স্পিকারের বাইরের অংশের জমে থাকা ধুলো খুব সহজেই পরিষ্কার করা সম্ভব।

পরিষ্কার করার আগে যে ভুলগুলি ভুলেও করবেন না:
সুইচ অফ করুন: পরিষ্কার কাজ শুরু করার আগে সবার আগে ফোনটি সুইচ অফ করে নিন এবং চার্জিং কেবল খুলে রাখুন।

ধারালো বস্তু বর্জন করুন: ভুলেও পিন, সুঁচ বা সেফটিপিন দিয়ে স্পিকারের ফুটো খোঁচাবেন না। এতে স্পিকারের জালি বা ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে সাউন্ডের সমস্যা আরও বাড়তে পারে।

জল বা লিকুইড থেকে সাবধান: স্পিকারে কখনোই কোনো লিকুইড ক্লিনার বা জল লাগাবেন না।

স্পিকার পরিষ্কার করার সহজ উপায়:
কানের বাড ব্যবহার: কান পরিষ্কার করার তুলোর কাঠি বা কটন বাড নিয়ে স্পিকারের মুখে হালকা হাতে গোল করে আলতোভাবে বুলিয়ে নিতে পারেন। তুলোর গায়েই ধুলোর স্তর উঠে আসবে, তবে ভুলেও ভেতরের দিকে বেশি চাপ দেবেন না।

নরম ব্রাশ: একটি পরিষ্কার ও শুকনো নরম ব্রাশ এই কাজে ব্যবহার করা যেতে পারে। ফোনটিকে একটু নিচের দিকে কাত করে ধরে আলতো করে ঝাড়ু দেওয়ার মতো ব্রাশ করলে ধুলো বাইরে খসে পড়বে।

ব্লোয়ারের ব্যবহার: খুব শুকনো ধুলো ওড়ানোর জন্য ছোট হ্যান্ড ব্লোয়ার ব্যবহার করা যেতে পারে। তবে খুব জোরে বাতাস দেওয়া যাবে না। মুখে ফুঁ দিলে মুখের লালা ঢুকে সমস্যা আরও বাড়াতে পারে, তাই ফুঁ না দেওয়াই শ্রেয়।

এদিকে স্পিকারে জল ঢুকে গেলে ফোন ঝাঁকিয়ে জল বের করার চেষ্টা করা বা হেয়ার ড্রায়ারের গরম হাওয়া দেওয়া থেকে বিরত থাকুন। শুকনো কাপড়ে ফোনের বাইরের অংশ মুছে শুকনো জায়গায় রেখে দিলেই সমস্যা মিটে যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *